নিবন্ধন পুনর্বহাল, হুক্কার বদলে জাগপার প্রতীক চশমা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন অনুমোদন করে তাদের প্রতীকও পরিবর্তন করা হয়েছে। ‘হুক্কা’র পরিবর্তে এই দলকে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ‘চশমা’।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিনিয়র সচিব আখতার আহমেদের সইয়ে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে ইসি।

গেজেটে বলা হয়েছে, নিবন্ধনের শর্ত পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন ‘সন্তুষ্ট হয়ে’ জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয় এবং ‘হুক্কা’ প্রতীক বরাদ্দ করে।

২০২৫ সালের ৯ নভেম্বর দলটি তাদের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’র সঙ্গে ‘জাগপা’ সংযোজন করে এবং দলের প্রতীক হিসেবে ‘হুক্কা’র পরিবর্তে ‘চশমা’ বরাদ্দের আবেদন করে।

ইসি এ আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলটির নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ ও প্রতীক ‘চশমা’ নির্ধারণ করল।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পেয়েছিল জাগপা। তবে নিবন্ধনের শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে তৎকালীন কমিশন।

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে একই বছর হাইকোর্টে রিট করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement