‘সিপিবি কার্যালয়ে হামলা গণতন্ত্রের ওপর নগ্ন আঘাত’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২: ৪২
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তিভবন’-এ হামলা, নেতাকর্মীদের ওপর আক্রমণ এবং কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অপবাদ দিয়ে ভিন্নমত ও রাজনৈতিক দলের কার্যালয়ে আক্রমণ চালানোকে দেশে অবাধ রাজনৈতিক চর্চা ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে সরাসরি নগ্ন আঘাত হিসেবে দেখছে সিপিবি।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) এক যৌথ বিবৃতিতে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, রাত ১০টার দিকে লাঠিসোটা নিয়ে একদল উগ্র ও উশৃঙ্খল ব্যক্তি নিজেদের সরকারদলীয় কর্মী পরিচয় দিয়ে মুক্তিভবনের সামনে জড়ো হয়। তারা সিপিবি কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্যরা অবস্থান করছে—এমন অবাস্তব দাবি তুলে প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। সিপিবি নেতাকর্মীরা বাধা দিলে তারা সহিংসতা শুরু করে এবং হামলায় কয়েকজন আহত হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্যালয়ের নিরাপত্তার দায়িত্ব নিলেও হামলাকারীরা দীর্ঘ সময় ভবন অবরুদ্ধ করে রাখে।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সিপিবি রক্ত দিয়েছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও মুক্তিভবন ছিল আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ যারা সিপিবি কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে, তারা গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের চলমান সংগ্রামের শত্রু।

হামলা চালিয়ে ও ভয় দেখিয়ে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না উল্লেখ করে সিপিবি নেতারা হুঁশিয়ারি দেন যে, সরকার এই হামলাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করে কি না—তা দেখে দেশের জনগণ ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad