আহ্বায়কের আ.লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, নেত্রকোনা পৌর মহিলা দলের কমিটি স্থগিত

নেত্রকোনা প্রতিনিধি
জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত কামরুন্নেছা আশরাফ দীনার সঙ্গে নেত্রকোনা পৌর মহিলা দলের আহ্বায়ক নাজমা আলম (ডানে)। এসব ছবির সূত্র ধরেই নাজমার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায় নেত্রকোনা পৌর মহিলা দলের আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা (বাঁয়ে) করা হয়েছে। ছবি: সংগৃহীত
জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত কামরুন্নেছা আশরাফ দীনার সঙ্গে নেত্রকোনা পৌর মহিলা দলের আহ্বায়ক নাজমা আলম (ডানে)। এসব ছবির সূত্র ধরেই নাজমার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায় নেত্রকোনা পৌর মহিলা দলের আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা (বাঁয়ে) করা হয়েছে। ছবি: সংগৃহীত

সদ্যঘোষিত নেত্রকোনা পৌরসভা মহিলা দলের আহ্বায়ক নাজমা আলমের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ও এ নিয়ে দলীয় নেতাকর্মীদের অসন্তোষের মুখে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা মহিলা দলের সভাপতি রোকসানা কানিজ চৌধুরী (পলমল) ও সাধারণ সম্পাদক হাফিজা আক্তারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের কথা জানানো হয়।

এর আগে গত ৩ নভেম্বর নাজমা আলমকে আহ্বায়ক ও জেসমিন আক্তারকে সদস্যসচিব করে ৩৩ সদস্যের ওই কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। কমিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

জেলা মহিলা দলের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুমোদিত নেত্রকোনা পৌর শাখার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ কারণে কমিটিটি স্থগিত ঘোষণা করা হলো। দলীয় নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর স্ত্রী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত কামরুন্নেছা আশরাফ দীনার সঙ্গে নাজমা আলমের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি সামনে আসার পর নাজমার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে নাজমা আলম বলেন, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে তোলা ছবিগুলো এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন নাজমা। তার দাবি, জেলা মহিলা দলের সভাপতি রোকসানা কানিজ চৌধুরী তাকে ফোন করে জানিয়েছেন, তিনি কমিটি স্থগিতের চিঠিতে কোনো স্বাক্ষর করেননি এবং কাউকে বরখাস্তও করেননি। সাধারণ সম্পাদক এককভাবে কীভাবে এ সিদ্ধান্ত নিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার জানান, পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি প্রকাশের পর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় কমিটি স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা মহিলা দলের সভাপতি রোকসানা কানিজ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad