ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ সরকারের সব সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জাতির সংকটকালে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে’ নেতৃত্ব দিয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ও সরকারের অন্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব।

এর আগে স্থানীয় সময় সোমবার বিকেল পৌনে চারটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় একদল লোকের তোপের মুখে পড়েন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। এ সময় তার পাশে লাগেজ হাতে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহাম্মদ ইউনূসের সামনে গিয়ে দাঁড়ান। পরে তার হুইলচেয়ার ঘুরিয়ে তাকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ঘটনাটি আবারও আওয়ামী লীগের ‘সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে’ উন্মোচিত করেছে। তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিবৃতিতে বলেন, “এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই।”

দেশে-বিদেশে সক্রিয় এই নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে।”

বিবৃতিতে ‘গণহত্যা ও সন্ত্রাসের দায়ে’ দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করারও দাবি জানান এনসিপির আহ্বায়ক।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। ওই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা নাহিদ ইসলাম পরে ছাত্রদের প্রতিনিধি হিসেবে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

নাহিদ ইসলাম প্রথমে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন। পরে পদত্যাগ করে এনসিপি গঠন করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বর্তমান সংসদেও এ-সংক্রান্ত বিল পাস হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement