ভারতের সঙ্গে ‘গোপন আঁতাতে’র কারণে পাহাড় অশান্ত— অভিযোগ নাহিদের

বিএনপি সরকারের সঙ্গে ভারতের ‘গোপন আঁতাতে’র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘সরকার গোপন আঁতাত করছে ভারতের সঙ্গে। এই গোপন আঁতাতের ফলেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে।’
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর মিরপুরে পথসভা ও লিফলেট বিতরণের সময় এ মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ সফল করতে এ কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর এনসিপি।
পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সংসদের এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন সমতল থেকে পাহাড়ে গিয়ে পৌঁছেছে। পাহাড় অশান্ত কেন এটার সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য পাচ্ছি না।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি সরকার পাহাড়কে শান্ত রাখতে, স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। পাহাড়ে কারা অস্থিতিশীলতা করছে, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কীভাবে তৎপরতা এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে এটা জনগণের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে। কারণ এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন।
‘শেখ হাসিনার ৩ সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি’
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে তিন সংসদকে বিএনপি মুখে অবৈধ বললেও আইনিভাবে অবৈধ ঘোষণা করেনি বলেও পথসভায় অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বলে। আমরাও মনে করি অবৈধ। কিন্তু আইনিভাবে এটা বলার সুযোগ নেই। কারণ বিএনপি সরকার ওই তিনটি সংসদকে অবৈধ বলে ঘোষণা করেনি।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল আমরা আমাদের বক্তব্যে বলেছি যে বর্তমান সরকার অবৈধ সরকার। কারণ এই সরকার জনগণের ৭০ শতাংশ রায়ের সঙ্গে অবমাননা করেছে। এখনো সুযোগ রয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই অবৈধ সংসদের ধারাবাহিকতা এবং সংবিধানের ধারাবাহিকতা থেকে বের হয়ে নতুনভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার এবং নতুনভাবে বাংলাদেশকে গঠন করার।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘পুরোনো ধারাবাহিকতা রক্ষা হলে একদলীয় সংবিধান সংশোধন কমিটি যদি সবচাইতে ভালো সংশোধনীটাও আনেন, ভবিষ্যতে এমন হতে পারে, সে সংশোধনী বাতিল করে বর্তমান সরকার এবং অন্তর্বর্তী সময়টাকে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে।’
এ প্রসঙ্গে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে জিয়াউর রহমানকে আওয়ামী লীগ ক্ষমতা দখলদার হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। বলেন, এটা যে তারেক রহমানের সঙ্গে হবে না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই।
‘ফলে তারেক রহমানের ভালোর জন্যই আমরা বলছি, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরোনো সংসদ, পুরোনো অবৈধ সরকার এবং যে পুরোনো ফ্যাসিস্ট সংবিধান সেই সাংবিধানিক কাঠামো ধারাবাহিকতা থেকে বের হয়ে বাংলাদেশের নতুনভাবে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করুন,’— বলেন নাহিদ ইসলাম।
পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ, রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

















