২৮ অক্টোবরের ‘লগি-বৈঠা তাণ্ডবের’ বিচার দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২: ৫১
বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোগো

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি ও রাজপথের ‘লগি-বৈঠা তাণ্ডবের’ দুই দশক পূর্তিতে বিচারহীনতার প্রতিবাদে দুই দিনের দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৭ অক্টোবর রাজধানী ঢাকায় আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার ডাক দিয়েছে দলটি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। সেদিনের সেই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

তিনি বলেন, ঐতিহাসিক এই ঘটনার দুই দশক পূর্তি হতে চলছে। আজও হত্যাকারীদের বিচার হয়নি যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কেন্দ্রীয় সংগঠন এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে দুই দিনের নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচি

২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা ও ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া। এতে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ অংশ নেবেন।

জামায়াতের সব শাখাকে এ দিবস উপলক্ষ্যে উক্ত কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে এবং ঘোষিত কর্মসূচি সার্বিকভাবে সফল করতে আমরা দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad