ওসির সঙ্গে বাদানুবাদ: মামলা হলে নিজেকে প্রধান আসামি করার আহ্বান রুমিনের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ব্যারিস্টার রুমিন ফারহানা। ফাইল ছবি
ব্যারিস্টার রুমিন ফারহানা। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে সেখানে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তার লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেন ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার খবর ছড়িয়ে পড়ার পর এ বক্তব্য দিলেন রুমিন ফারহানা।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রশাসনের প্রতি সম্মান রেখে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন এই সংসদ সদস্য।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ান রুমিন ফারহানা। ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি। ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলেও দাবি করেন তিনি।

বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসিকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি, স্যার। যাই হোক সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad