ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পাশে জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ মে ২০২৬, ১১: ২৪
থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন ‘জুলাই বিপ্লবে’ আহতদের সঙ্গে কুশল বিনিময় করছেন জামায়াত  আমির। — ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন ‘জুলাই বিপ্লবে’ আহতদের সঙ্গে কুশল বিনিময় করছেন জামায়াত আমির। — ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ‘জুলাই বিপ্লবের’ আহত যোদ্ধাদের দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (৯ মে) তিনি সেখানে গিয়ে চিকিৎসাধীন আহতদের শরীরের খোঁজখবর নেন।

সফরকালে বিরোধীদলীয় নেতা গুরুতর আহতদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

আহতদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদের এই ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

তিনি তাদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

সাক্ষাৎকালে আহত যোদ্ধারা ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান। ডা. শফিকুর রহমান তাদের দাবির বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করার আশ্বাস দেন।

সফরকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement