রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতির বাসার সামনে পুলিশে উপস্থিতিতে মব সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদ জানান তিনি।
শুক্রবার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার জেলা পর্যায়ের অফিসে হামলা ও বাসার সামনে আজ সকালে একদল সন্ত্রাসীর ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় বিএনপি সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি রাশেদ প্রধানের দলীয় কার্যালয় ও বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে তদন্তপূর্বক ঘটনা দুটির সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি এবং রাশেদ প্রধানের বাসা, রাজনৈতিক কার্যালয় ও তার ব্যক্তিগত নিরাপত্তা দাবি করছি।
তিনি আরো বলেন, আমি দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেন। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে দেশের রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে আজ শুক্রবার রাশেদ প্রধানের মোহাম্মদপুর বাসার সামনে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছোড়েন। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে আটক করে নিয়ে যায় পুলিশ।


















