সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। তার আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকুই চাই। সেখানে ডেপুটি স্পিকারের বিষয়টি রয়েছে।’
আজ বুধবার বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় কমিটির সভা শেষ হওয়ার পরে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ ও জাতির জন্য বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা কী হবে, তার জনই আমরা বসেছিলাম। আমরা আজ সব সদস্যের পরামর্শ নিয়েছি। আমরা চাই, জাতীয় সংসদ দেশ গঠনে অর্থবহ ভূমিকা পালন করুক। যিনি স্পিকার থাকবেন, বিরোধী দলকে যথেষ্ট সুবিধা দেবেন। তাহলে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে।’
তিনি বলেন, ‘এবার দুটি নির্বাচন হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচন আমরা মেনে নিয়েছি। অর্ডিন্যান্সকে সম্মান করে আমরা দুই জায়গায় শপথ নিয়েছি। দুঃখের বিষয় হলো সরকারি দল এখনো সংবিধান সংস্কারের শপথ নেয়নি।’
সরকারি দলের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘জুলাইকে সম্মান করতে হবে। ২৪ থাকলেই ২৬ থাকবে, না হলে ২৬-এর অস্তিত্ব থাকবে না। ২৪ কে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ২৬-এ আসা জাতির জন্য কোনো সুখকর বিষয় হবে না।’ তিনি বলেন, ‘আমরা চাই, যে চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছে তার সর্বাত্মক বাস্তবায়ন হোক।’


















