জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে লেবার পার্টি

বাংলাদেশ জামায়াতের ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের নির্বাচনি ঐক্যের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টি যুক্ত হয়েছে। ফলে জোটটি আবারও ১১ দলীয় নির্বাচনি ঐক্যে পরিণত হলো। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় নির্বাচনি জোট থেকে বের হয়ে গিয়েছিল।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে জোটের সঙ্গে লেবার পার্টির যুক্ত হওয়ার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম।
জামায়াতের এই নেতা বলেন, ১০ দলের সঙ্গে আরও একটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
দলটি যোগ দেওয়ায় ১০ দলীয় নির্বাচনি ঐক্য ১১ দলে পরিণত হয়েছে উল্লেখ করে এ টি এম মা’ছুম বলেন, ‘এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়।’
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, লেবার পার্টিকে ১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
















