গণমাধ্যমেও ‘দোসরের লোকরা’ বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, শুধু প্রশাসন নয়, গণমাধ্যমেও ‘দোসরের লোকরা’ বসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে আগুন ও সহিংসতার খবর প্রকাশিত হলেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা সংবাদমাধ্যমে যথাযথভাবে আসছে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘এই আগুন-সন্ত্রাস, রক্তপাত ও হত্যার মধ্যেও সরকার যে সহ্যক্ষমতা দেখাচ্ছেন এবং সামগ্রিক পরিস্থিতিকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ও মানবাধিকারের নীতিমালাকে অনুসরণ করে যত সুন্দরভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করছেন, এইটা কিন্তু আমাদের গণমাধ্যমে ঠিক ওইভাবে প্রকাশ হচ্ছে না।’

আত্মগোপনে থাকা বিএনপি নেতাদের বক্তব্য প্রকাশ করায় সাংবাদিকদের প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, গত ফ্যাসিস্ট আমলে নিপীড়ন-নির্যাতনের মধ্যেও অনেক সাংবাদিক বিএনপিকে সহায়তা করেছেন এবং তাদের বক্তব্য সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। তবে গণমাধ্যমের ভেতরে ‘দোসররা ঘাপটি মেরে আছে’ অভিযোগ করে তিনি বলেন, তারা সরকারের ভালো কাজ ও জনমুখী কর্মকাণ্ডকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে।

পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন ঘিরে রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনা করেন বিএনপির এই নেতা। এসব প্রতিবেদনের তথ্যসূত্র জানতে চেয়ে তিনি বলেন, ‘আপনারা দেখবেন যে এই আন্দোলনে, শ্রমিক আন্দোলনে আমাদের কী বলে, এক্সপোর্ট চলে যাচ্ছে অন্য দেশে। আপনারা এর তথ্য কোথায়? কীসের কোথা থেকে? এই ধরনের প্রচারণা তো ঠিক নয়।’ শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার দ্রুত আলোচনায় বসেছে এবং ন্যায্য পাওনা নিয়ে কথা বলেছে উল্লেখ করে রিজভী বলেন, ন্যূনতম মজুরির সীমাও নির্ধারণ করা হয়েছে। এরপরও ব্যবসা অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচারকে সরকারের বিরুদ্ধে ‘পরিকল্পিত প্রচারণা’ বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য-উপাত্ত যাচাই করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে আপনারা এই নিউজগুলো করবেন। একটি জাতিকে মানে কোনোভাবেই যাতে সে খাটো না হয়। তার যে অঙ্গীকারগুলো কীভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটা আপনারা তুলে ধরবেন।’ তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে, কিন্তু অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad