নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি: শ্রমিকদের সঙ্গে ঐক্যের ডাক

গার্মেন্টস শ্রমিক অসন্তোষের নামে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য বরদাস্ত করা হবে না—এই বার্তা দিয়ে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে মহাসড়কে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা "বিএনপি-শ্রমিক ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই"—এই স্লোগানের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ঐক্যের বার্তা তুলে ধরেন।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। এ সময় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে ও বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রী মহল শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ের প্রতি সমর্থন থাকলেও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।














