ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির জন্য দুই সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক ও এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার এক মাস পর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। এ কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ আহ্বায়ক কমিটির কথা জানানো হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম খানকে মিল্টন বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবও ছিলেন একসময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন তিনি।
অন্যদিকে নতুন আংশিক আহ্বায়ক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পাওয়া এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন আমিনুল হক (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) এবং সদস্যসচিব ছিলেন মোস্তফা জামান।
বিএনপি দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ এলাকার স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় কয়েকজন নেতার নাম উঠে আসার পর ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। তবে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কারণ হিসেবে কেবল অনিয়ম-শৃঙ্খলাভঙ্গের কথা উল্লেখ করা হয়।
ওই ঘটনার জের ধরেই পরে ওই এলাকা থেকে নির্বাচিত বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্যপদ হারাতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন হবে। আসনটিতে বিএনপি প্রার্থী করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে।

















