গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। দাবি আদায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি আরও জোরালো করার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য দেন শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত একের পর এক আরও জোরালো কর্মসূচি দেওয়া হবে।

প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হতে পারে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সে সময় গ্রামের প্রতিটি ঘর থেকে মানুষকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।

শফিকুর রহমান বলেন, তাঁদের দাবিগুলো কোনো নির্দিষ্ট দলের বা নির্বাচনের বিষয় নয়, বরং দেশের সব নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থপাচার রোধ এবং কৃষকের জন্য সারের নিশ্চয়তার দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার এখন গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন কার্ড বিতরণের প্রচার চালানো হলেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কৃষকের সারসংকটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব অনিয়ম বন্ধ করে কৃষকের অধিকার নিশ্চিত করতে হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad