খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ০৭
খালেদা জিয়া [১৫ আগস্ট ১৯৪৫ - ৩০ ডিসেম্বর ২০২৫]
খালেদা জিয়া [১৫ আগস্ট ১৯৪৫ - ৩০ ডিসেম্বর ২০২৫]

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত এ সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

স্মরণসভা উপলক্ষ্যে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তার অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তার জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

‘নাগরিক সমাজের’ পক্ষে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর নেতৃত্বে স্মারকগ্রন্থের জন্য রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে [email protected] ঠিকানায় লেখা পাঠানো যাবে।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যাসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় একটি সময় কেটেছে রাজপথের আন্দোলনে। বিভিন্ন সময়ে তিনি গ্রেপ্তার ও কারাবরণ করেছেন। তবে দেশ ছাড়েননি। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো পরাজিতও হননি তিনি।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক ঘোষণা করে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়। বাসস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad