বিকেলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ বিকেলে রাজধানীতে শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এর আগে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
কর্মসূচিকে ঘিরে দুপুরের আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে আসছেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শুরুতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পাশাপাশি শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
সরেজমিনে দেখা গেছে, নেতাকর্মীদের হাতে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে মুখর করে রেখেছেন পুরো এলাকা।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি (দপ্তরের দায়িত্বে থাকা) নূরুল ইসলাম সোহেল বলেন, ‘আজকের শোভাযাত্রাকে কেন্দ্র করে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। নেতাকর্মীরা আগেভাগেই নয়াপল্টনে আসছেন। আজকের শোভাযাত্রায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই নেতৃত্ব দেবেন। এটা আমাদের জন্য গর্বের। এতে নেতাকর্মীরা অনুপ্রাণিত হবেন। দল ও সংগঠনগুলো নতুন করে শক্তি সঞ্চয় করবে।’
সমাবেশ শেষে নয়াপল্টন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রাজধানীর নির্ধারিত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করবেন বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবকরা।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

-67bd15.jpg)
-7a27e0.jpg)






-056651.jpg)



-b446b8-256x144.webp)


