মারা গেছেন ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশীষ প্রামাণিক দেবু

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু মারা গেছেন।
রোববার (২৫ অক্টোবর) ভোরে আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক শোক বিবৃতিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ১৯৮০ ও ১৯৯০-এর দশকে সামরিক স্বৈরাচারবিরোধী এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররাজনীতিতে যুক্ত হন দেবাশীষ প্রামাণিক দেবু। সাহসী ছাত্রনেতা হিসেবে তিনি রাজশাহীর প্রগতিশীল ছাত্র আন্দোলন ও ছাত্র মৈত্রীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ সময় তাঁকে একাধিক মামলা, গ্রেপ্তার ও কারাবাসের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়।
ছাত্রজীবন শেষে তিনি শ্রমিক আন্দোলন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত হন। দক্ষ সংগঠক হিসেবে রাজশাহীতে দলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দলের কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্যের পাশাপাশি রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক এবং শ্রমিক ফেডারেশনের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
শোক বিবৃতিতে আরও বলা হয়, রাজশাহীর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন দেবাশীষ প্রামাণিক দেবু। তাঁর মৃত্যুতে রাজশাহী ওয়ার্কার্স পার্টি এবং ওই অঞ্চলের মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রগতিশীল রাজনীতি একজন উদীয়মান তরুণ নেতাকে হারিয়েছে।
দলের পক্ষ থেকে কমরেড দেবুর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।







-b64658-256x144.webp)






