‘সব ঠিক করতে’ ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান আসিফ মাহমুদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্ষমতাসীন বিএনপি সরকারকে উদ্দেশ করে তিনি বলেছেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে তাঁকে সাময়িকভাবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। দায়িত্ব পেলে সবকিছু ঠিক করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রোববার বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের একাধিক মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করা এই নেতা লেখেন, “না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।”
এর প্রায় দুই ঘণ্টা পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে আসিফ লেখেন, “রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?” দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও তুলে ধরেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। সে সময় সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেও পরে আর নির্বাচনে প্রার্থী হননি।
এনসিপির শুরুতে মুখপাত্রের দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। পরে দলটির কমিটি পুনর্গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ দেওয়া হয়। বর্তমানে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন। তাঁর ফেসবুকের দুটি পোস্টেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে।













