অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির এমপি ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।
সম্প্রতি তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছেে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, ওসমান ফারুক চিকিৎসার জন্য দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।
তবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে একটি ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওসমান ফারুক ওই কমিটির সভাপতি ছিলেন।
তিনি ১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। চারদলীয় ঐক্যজোট সরকারের ওই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।











-8db58c-256x144.webp)
