আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: শাহে আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৯: ৩৭
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দলটির কার্যক্রম নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যথার্থ ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা এবং ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন প্রতিমন্ত্রী। পরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও এ বিষয়ে তথ্য তুলে ধরেন তিনি।

এ দিন দুপুর ২টায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ, রংপুরের আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয় এবং উদ্বোধন করা হয় ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলনের প্রথম শহিদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তার আত্মত্যাগ ও স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী “শহীদ আবু সাঈদ স্টেডিয়াম” ও “শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম”র উদ্বোধন করা হলো। আমরা চাই, এ স্টেডিয়াম শুধু একটি ক্রীড়া স্থাপনা হিসেবে নয়; বরং সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হোক।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ করেছে, তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেয়া হবে না। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad