জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি গঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আমান উল্লাহ আমান ও অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল। ছবি: সংগৃহীত
আমান উল্লাহ আমান ও অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল। ছবি: সংগৃহীত

আগামী ছয় মাসের মধ্যে সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে গঠিত এই কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং শিগগির কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করবে।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad