ইতালিজুড়ে শিক্ষার্থী ও শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মজুরি বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ জনসেবামূলক খাতে সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে শুক্রবার ইতালিজুড়ে বিক্ষোভে নেমেছেন হাজারো শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। দিনব্যাপী এই কর্মসূচিতে দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল সাধারণ ধর্মঘটের ডাক দেয়। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইতালির এই বিক্ষোভের সঙ্গে ইউরোপজুড়ে তরুণদের আন্দোলনেরও যোগসূত্র রয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে অতিরিক্ত ব্যয়ের প্রতিবাদে একই দিনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।

ইতালিতে সিজিআইএলের পাশাপাশি কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও পৃথক ধর্মঘটের ডাক দেয়। দেশটির বিভিন্ন স্থানে শিক্ষার্থীরাও বিক্ষোভের আয়োজন করেন।

সিজিআইএলের ডাকা ধর্মঘট পুরো কর্মদিবসজুড়ে চলে। এতে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীরা অংশ নেন। শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীরাও ধর্মঘটে যোগ দেন। তবে বিমান ও রেল চলাচলকে সাধারণ ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়। ন্যূনতম সেবা নিশ্চিত করার বাধ্যবাধকতার কারণে স্থানীয় গণপরিবহনেও ধর্মঘটের প্রভাব সীমিত ছিল।

২০২৭ সালে ইতালির পরবর্তী সংসদ নির্বাচন সামনে রেখে এই বিক্ষোভ রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

গত ৩০ অক্টোবরের দেশব্যাপী আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই দিন হাজারো শিক্ষার্থী ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের সঙ্গে রাজপথে নেমেছিলেন। তাঁদের দাবির মধ্যে ছিল শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং জীবনযাত্রা ও আবাসন ব্যয়ের চাপ কমানো।

এরপরও বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি সামরিক খাতে ব্যয় বাড়ানোর সরকারি পরিকল্পনার বিরুদ্ধেও সরব হয়েছেন তাঁরা।

এদিকে, ইতালির পার্লামেন্টে প্রধানমন্ত্রী মেলোনির ২০২৭ সালের জন্য প্রস্তাবিত ২৬ বিলিয়ন ইউরোর (প্রায় ৩০ বিলিয়ন ডলার) বাজেট নিয়ে আলোচনা চলছে। সিজিআইএলের দাবি, মানুষের আয় ও জনসেবামূলক খাতের চাহিদা পূরণে এই বাজেট যথেষ্ট নয়। ইতালির অর্থনৈতিক সংবাদমাধ্যম ইতালিয়া ওজির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজেটের সামান্য একটি অংশই ৩৫ বছরের কম বয়সীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

শুক্রবারের সাধারণ ধর্মঘটকে ‘আগাম ধর্মঘট’ বলে মন্তব্য করেছেন দেশটির শিল্পমন্ত্রী আদোলফো উরসো। স্কাই টিজি২৪-কে তিনি বলেন, ‘বাজেটের বিষয়বস্তু সম্পর্কে জানার আগেই লানদিনি ধর্মঘটের ডাক দিয়েছেন।’

তবে বিক্ষোভকারীদের প্রতি সম্মান জানানোর কথাও বলেন তিনি। উরসো বলেন, ‘যারা বিক্ষোভ করছেন এবং পার্লামেন্টে বাজেট সংশোধনের প্রস্তাব দিয়েছেন, তাঁদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। পার্লামেন্টে আলোচনা শেষে বাজেটের আরও উন্নয়ন করা হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad