‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৪ হাজার ৮৩০ কোটি ডলার’

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৪ হাজার ৮৩০ কোটি ডলার খরচ হয়েছে বলে মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছেন পেন্টাগনের এক কর্মকর্তা। বৃহস্পতিবার সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে তিনি জানান, গত ফেব্রুয়ারির শেষ দিকে এই সংঘাত শুরুর পর থেকে গোলাবারুদ ও অভিযান পরিচালনাসহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন নৌবাহিনীর আর্থিক ব্যবস্থাপনা ও মহাহিসাব নিরীক্ষক বিষয়ক সহকারী সেক্রেটারি পদে মনোনীত আর্থার মিলার নিজের মনোনয়ন সংক্রান্ত শুনানিতে এই ব্যয়ের হিসাব তুলে ধরেন। আইনপ্রণেতাদের তিনি বলেন, ‘এই হিসাবের মধ্যে গোলাবারুদ, সরঞ্জাম প্রতিস্থাপন এবং অভিযান পরিচালনার ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।’
তবে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলো মেরামতের খরচ এই প্রাক্কলনের মধ্যে ধরা হয়নি। সিনেটর রিচার্ড ব্লুমেনথালের এক প্রশ্নের জবাবে মিলার স্বীকার করেন, ওই বাড়তি ব্যয় এই হিসাবের বাইরে রাখা হয়েছে এবং মেরামত খরচের সুনির্দিষ্ট কোনো অঙ্ক বর্তমানে তার কাছে নেই।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। পরবর্তীতে এপ্রিলে পক্ষগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর জুনে একটি সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও কূটনৈতিক আলোচনা থমকে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় লড়াই শুরু হয়।














