ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে উঠেছেন মার্কিন অর্থমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজ বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে তার বিরুদ্ধে হুমকির প্রকৃত মাত্রা বা সুনির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা কার্যক্রমের নেতৃত্ব দেওয়া বেসেন্টকে লক্ষ্য করে তেহরানের হুমকি আগের চেয়ে আরও গুরুতর পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও নিরাপত্তাঝুঁকির কারণে সামরিক ঘাঁটি অথবা বিশেষভাবে সুরক্ষিত আবাসনে চলে গেছেন। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার।

প্রতিবেদনে তিনটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের তৎপরতা আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার চেষ্টা বেড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন গত মাসে বলেছিলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তেহরান।

বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পেছনে তার ব্যক্তিগত বাসভবনের অবস্থান প্রকাশ্যে চলে আসার ঘটনাও ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিশ্চিত হওয়ার পর জর্জটাউনে এক কোটি ২৫ লাখ ডলারে একটি বাড়ি কেনেন তিনি।

ওয়াল স্ট্রিট জার্নাল বাড়িটির আকাশ থেকে তোলা ছবি প্রকাশ করেছিল। এর মাধ্যমে বাড়িটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, এর পর থেকেই বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে এবং তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad