এক মাসে ১৭ ট্যাংকারে হামলা, হরমুজে অচলাবস্থায় জ্বালানি ঝুঁকিতে এশিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালির নিকটবর্তী পারস্য উপসাগরে সশস্ত্র স্পিডবোটে টহলরত ইরানি নৌবাহিনীর সদস্যরা। ফাইল ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির নিকটবর্তী পারস্য উপসাগরে সশস্ত্র স্পিডবোটে টহলরত ইরানি নৌবাহিনীর সদস্যরা। ফাইল ছবি: সংগৃহীত

বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি এখন কার্যত যুদ্ধের ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। গত এক মাসে সেখানে অন্তত ১৭টি ট্যাংকার হামলার শিকার হয়েছে। কোনোটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনোটি আগুনে পুড়েছে, আবার কোনো জাহাজের ইঞ্জিনকক্ষ অচল হয়ে পড়েছে। কয়েকটি ঘটনায় নাবিক নিখোঁজ ও হতাহত হওয়ার খবরও এসেছে।

হরমুজে এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়তে পারে এশিয়ার জ্বালানি সরবরাহে। কারণ, বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ এলএনজি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এসব জ্বালানির বড় অংশ আমদানি করে এশিয়ার দেশগুলো। ফলে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে এ অঞ্চলে তেল ও গ্যাসের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি আমদানি ব্যয় ও বাজারদর বাড়ার আশঙ্কা রয়েছে।

শুধু ট্যাংকারে হামলাই নয়, প্রণালির দুই পাশে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উপস্থিতি, জাহাজ চলাচলে বিধিনিষেধ, মাইন বিস্ফোরণের আশঙ্কা এবং নৌযানের গতিপথ নিয়ন্ত্রণের চেষ্টাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। সব মিলিয়ে হরমুজ দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত ভেঙে পড়েছে।

যৌথ সামুদ্রিক তথ্যকেন্দ্র জেএমআইসির ২৬ নভেম্বর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকিকে ‘সিভিয়ার’ বা গুরুতর পর্যায়ে রাখা হয়েছে। সংস্থাটির মূল্যায়ন, বর্তমান পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজে আরও হামলার আশঙ্কা প্রবল। গত এক মাসে কী ধরনের হামলা হয়েছে, কেন হরমুজ এতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং স্বাভাবিক জাহাজ চলাচল ফিরতে আর কত সময় লাগতে পারে— এসব প্রশ্নই এখন সামনে আসছে।

এক মাসে হামলার ধারাবাহিকতা

নভেম্বরের শুরু থেকেই হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় ট্যাংকারে হামলার ঘটনা বাড়তে থাকে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিওর ঘটনাপঞ্জিতে ১ নভেম্বর থেকে একের পর এক হামলা ও সন্দেহজনক তৎপরতার তথ্য নথিভুক্ত হয়েছে। কোথাও অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত, কোথাও বিস্ফোরণ, আবার কোথাও জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে।

২ নভেম্বর ওমানের উপকূলের কাছে একটি ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটির ডান পাশে ছিদ্র তৈরি হয়। তবে নাবিকদের কেউ হতাহত হননি। পরিবেশগত ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি।

৫ নভেম্বর কাতারের উত্তরাঞ্চলের কাছে একটি ট্যাংকারে দুটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। পরদিন ৬ নভেম্বর ওমানের খাসাবের কাছে আরেকটি ট্যাংকারের পানির নিচের অংশে বিস্ফোরণ ঘটে। জাহাজটির নাবিকেরা নিরাপদ ছিলেন এবং ট্যাংকারটি নিজস্ব শক্তিতে চলাচল অব্যাহত রাখতে সক্ষম হয়।

৮ নভেম্বর খাসাবের উত্তর-পশ্চিমে একটি ট্যাংকারে আগুন লাগার খবর পাওয়া যায়। জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হয়। একই দিনে হরমুজ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আরেকটি ট্যাংকারে হামলার ঘটনাও নথিভুক্ত হয়।

১০ নভেম্বর ওমানের উপকূল ও আরব উপসাগরের বিভিন্ন স্থানে দুটি ট্যাংকার হামলার শিকার হয়। এর মধ্যে একটি ঘটনায় একাধিক নাবিক হতাহত হন। পরদিন ১১ নভেম্বর রাস আল খাইমাহর উত্তর-পশ্চিমে একটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষে প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। একই দিনে হরমুজ প্রণালির ভেতরেও আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা নথিভুক্ত হয়।

১৩ নভেম্বর আরব উপসাগরে হরমুজে প্রবেশের আগে একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ১৬ নভেম্বর প্রণালিতে দুটি ট্যাংকার আক্রান্ত হয়। এর মধ্যে একটি জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। পরে সেটিতে দ্বিতীয়বার আঘাতের খবরও পাওয়া যায়। ওই ঘটনায় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

১৮ নভেম্বর হরমুজের ভেতরে হামলার শিকার একটি ট্যাংকারে আগুন লাগে। এ ঘটনায় একজন নাবিক নিখোঁজ হন। ২০ নভেম্বর খাসাবের উত্তরে একটি ট্যাংকারে আঘাতের পর আগুন ধরে যায়। পরদিন ২১ নভেম্বর একই এলাকায় দুটি ট্যাংকারে হামলার খবর দেয় ইউকেএমটিও। এতে একটি জাহাজের পেছনের অংশ এবং অন্যটির ইঞ্জিনকক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

সর্বশেষ ২২ নভেম্বর মাত্র ১৭ মিনিটের ব্যবধানে হরমুজ দিয়ে পূর্বমুখী তিনটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ২৪ নভেম্বর ইউকেএমটিও এ ঘটনাগুলো নথিভুক্ত করে। এরপর ২৫ নভেম্বর ওমানের খাসাবের পূর্বে আরও একটি ট্যাংকারে হামলার খবর আসে। একই দিনে দুবাইয়ের পশ্চিমে আরেকটি ট্যাংকারের কাছাকাছি দুটি বিস্ফোরণের ঘটনাও ঘটে।

জেএমআইসির হিসাব অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় মোট ১৭টি ট্যাংকার হামলার শিকার হয়েছে। তবে ইউকেএমটিওর ঘটনাপঞ্জিতে থাকা সব ঘটনা একই ধরনের নয়। কিছু ঘটনা সরাসরি হামলা, কিছু সন্দেহজনক তৎপরতা এবং কিছু সামরিক বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানের। ফলে পৃথক ঘটনাগুলোর শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

হামলার দায়, মাইন ও সামরিক নিয়ন্ত্রণের লড়াই

এতগুলো হামলার পরও প্রতিটি ঘটনার জন্য নির্দিষ্ট কোনো পক্ষকে দায়ী করা যায়নি। ইউকেএমটিওর অধিকাংশ প্রতিবেদনে হামলাকারীর পরিচয় অজ্ঞাত রাখা হয়েছে। তবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে জেএমআইসি বলেছে, হরমুজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলা, জাহাজের ওপর নজরদারি এবং রেডিও যোগাযোগের মাধ্যমে গতিপথ পরিবর্তনের চাপ অব্যাহত রয়েছে।

হরমুজে জাহাজ চলাচলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরানও। ২৫ নভেম্বর দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবিভাগ দাবি করে, অনুমোদনহীন পথে চলাচলের সময় দুটি তেলবাহী জাহাজ মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। ইরানের সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, প্রণালিতে নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। ইরানের বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া জাহাজ চলাচল করলে ঝুঁকি বাড়বে বলেও সতর্ক করেন তিনি।

তবে মাইনে আঘাতের বিষয়ে ইরানের এই দাবি কোনো স্বাধীন বা জাতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। জেএমআইসিও তাদের প্রতিবেদনে বলেছে, ট্যাংকারে মাইন হামলার ইরানি দাবিগুলো এখন পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব বন্দরে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর নজরদারি ও তল্লাশি চালাচ্ছে মার্কিন বাহিনী। অবরোধ অমান্যের অভিযোগে জাহাজের গতিপথ পরিবর্তন, আটক এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের ঘটনাও ঘটছে।

সর্বশেষ ২৭ নভেম্বর পালাউয়ের পতাকাবাহী ‘প্যাসিফিক আর্চার’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ওমান উপসাগরে অচল করে দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, জাহাজটি বন্দর আব্বাস ছেড়ে মার্কিন অবরোধ অমান্য করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগে অবরোধ কার্যকরের অংশ হিসেবে ১৫৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন এবং কয়েকটি জাহাজ অচল করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

অর্থাৎ, হরমুজ ও আশপাশের জলসীমায় একদিকে ইরানের সামরিক বাহিনীর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ— এই দুইয়ের মধ্যে আটকা পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো।

জাহাজ চলাচল কতটা কমেছে, বিশ্ব অর্থনীতিতে প্রভাব কী?

হরমুজ প্রণালির গুরুত্ব বুঝতে এর মধ্য দিয়ে জ্বালানি পরিবহনের পরিমাণ বিবেচনায় নেওয়া জরুরি। ইরান ও ওমানের মধ্যবর্তী এই সরু জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানির বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল।

তাই হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার অর্থ শুধু কয়েকটি ট্যাংকারের যাত্রা বন্ধ হয়ে যাওয়া নয়। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয়, বিমা এবং বাজারদরের ওপর।

জেএমআইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন গড়ে প্রায় ১৩৮টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করত। কিন্তু ২২ থেকে ২৫ নভেম্বরের মধ্যে এসঅ্যান্ডপি মেরিটাইমের ট্র্যাকিংয়ে এক হাজার ডেডওয়েট টনের বেশি ধারণক্ষমতার মাত্র তিনটি সাধারণ বাণিজ্যিক ট্রানজিট শনাক্ত হয়েছে। তিনটিই ছিল ট্যাংকার এবং সেগুলো প্রণালিতে প্রবেশ করেছে।

এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সহায়তায় পরিচালিত জাহাজ চলাচলের হিসাব আলাদা। জেএমআইসি বলছে, ওই চার দিনে মার্কিন সহায়তাপ্রাপ্ত ট্রানজিটের সংখ্যা ছিল ১২৮, অর্থাৎ প্রতিদিন গড়ে ৩২টি। আগের চার দিনের তুলনায় এই সংখ্যা কমেছে।

অন্যদিকে, প্রণালির পূর্ব দিকে ফুজাইরা, খোর ফাক্কান, সোহর ও মুসান্দাম এলাকার প্রধান নোঙরস্থলগুলোতে প্রায় ২১৮টি বাণিজ্যিক জাহাজ অপেক্ষমাণ বা নোঙর করে ছিল। অর্থাৎ জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ না হলেও স্বাভাবিক বাণিজ্যিক প্রবাহ কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

এর প্রভাব শুধু তেল পরিবহনে সীমাবদ্ধ থাকবে না। উপসাগরীয় দেশগুলোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পণ্য পরিবহনেও দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। জাহাজের অপেক্ষা, বিকল্প রুট ব্যবহার এবং নিরাপত্তা ব্যয় বেড়ে গেলে শেষ পর্যন্ত তার চাপ পড়বে আমদানিকারক দেশগুলোর ওপর।

বিশেষ করে এশিয়ার দেশগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ হরমুজের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে হরমুজ প্রণালি দিয়ে ১১২ বিলিয়ন ঘনমিটারের বেশি এলএনজি পরিবাহিত হয়েছে, যা বৈশ্বিক এলএনজি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ। এই পথে রপ্তানি হওয়া এলএনজির প্রায় ৯০ শতাংশের গন্তব্য ছিল এশিয়া। এ অঞ্চলের মোট এলএনজি আমদানির প্রায় ২৭ শতাংশ এসেছে হরমুজ হয়ে।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নির্ভরতা আরও বেশি। ২০২৫ সালে দেশ তিনটি তাদের মোট এলএনজি আমদানির প্রায় দুই-তৃতীয়াংশ হরমুজ প্রণালি দিয়ে পেয়েছে। ফলে এই পথে সরবরাহ দীর্ঘদিন ব্যাহত হলে এসব দেশের জ্বালানি আমদানির ব্যয় বাড়তে পারে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রায় অর্ধেকই আসে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে। তাই এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তেলের দাম বাড়লে তার প্রভাব পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও নিত্যপণ্যের বাজারেও ছড়িয়ে পড়তে পারে। তবে সরবরাহে বিঘ্ন ঘটলেই তাৎক্ষণিকভাবে সব দেশে জ্বালানির ঘাটতি দেখা দেবে, এমন নয়। দেশগুলোর মজুত, বিকল্প উৎস থেকে আমদানি এবং বাজারে সরবরাহের সক্ষমতার ওপরও পরিস্থিতির প্রভাব নির্ভর করবে।

স্বাভাবিক হতে আর কত দিন?

হরমুজ প্রণালিতে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনো স্পষ্ট নয়। এর বড় কারণ, এখানে শুধু বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার প্রশ্ন নেই; এর সঙ্গে জড়িয়ে আছে ইরানের বন্দর অবরোধ, প্রণালির নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সামরিক উপস্থিতি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সময়সীমা অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক ও কূটনৈতিক অবস্থানের ওপর।

জেএমআইসি তাদের সর্বশেষ মূল্যায়নে হরমুজের নিরাপত্তাঝুঁকিকে ‘সিভিয়ার’ পর্যায়ে রেখেছে। সংস্থাটির মতে, পূর্বমুখী ও পশ্চিমমুখী উভয় নৌপথেই ট্যাংকারে আরও হামলার আশঙ্কা প্রবল। বিশেষ করে ধীরগতির, নোঙর করা বা আগে থেকেই ক্ষতিগ্রস্ত জাহাজগুলো বেশি ঝুঁকিতে রয়েছে।

এ ছাড়া জাহাজের অবস্থান শনাক্ত করার স্বয়ংক্রিয় ব্যবস্থা (এআইএস) এবং স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন ব্যবস্থায় বিঘ্নের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। জেএমআইসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ নভেম্বর উপসাগর ও ওমান উপসাগরে সংকেত পাঠানো ৬ হাজার ৯৪৫টি জাহাজের মধ্যে ২৮৯টির অবস্থান শনাক্তকরণ ব্যবস্থায় জ্যামিংয়ের তথ্য পাওয়া গেছে। এতে জাহাজের প্রকৃত অবস্থান নির্ণয় এবং নিরাপদে চলাচল আরও কঠিন হতে পারে।

আরেকটি উদ্বেগের বিষয় হলো, ক্ষতিগ্রস্ত জাহাজ উদ্ধারে ব্যবহৃত টাগবোট ও সহায়ক নৌযানও ঝুঁকির মুখে পড়ছে। ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ ২৪ নভেম্বর ২৬টি টাগবোটকে তাদের বিধিনিষেধ অমান্যকারী জাহাজের তালিকায় যুক্ত করেছে। ফলে হামলার শিকার কোনো জাহাজকে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও জটিল হয়ে উঠতে পারে।

এ পরিস্থিতিতে শুধু সামরিক পাহারা বাড়িয়ে হরমুজে স্বাভাবিক বাণিজ্য ফিরিয়ে আনা কঠিন। যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানের পাল্টা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়ে সমঝোতা প্রয়োজন। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা এবং হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াও জরুরি।

তবে এখন পর্যন্ত এমন কোনো সমঝোতার লক্ষণ স্পষ্ট নয়। বরং প্যাসিফিক আর্চার জাহাজে সর্বশেষ মার্কিন পদক্ষেপ এবং অবরোধ অমান্য করার বিষয়ে ইরানের পাল্টা হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করেছে।

সব মিলিয়ে হরমুজ প্রণালি এখন শুধু একটি সামুদ্রিক বাণিজ্যপথ নয়, যুক্তরাষ্ট্র ও ইরানের শক্তি প্রদর্শনের অন্যতম প্রধান ক্ষেত্র। সেখানে হামলা অব্যাহত থাকলে জাহাজ চলাচল আরও কমতে পারে, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়তে পারে এবং আন্তর্জাতিক বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। আপাতত স্বাভাবিক অবস্থায় ফেরার নির্দিষ্ট সময়সীমা নেই। বরং দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা কমানোর উদ্যোগ না এলে হরমুজের এই সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই বেশি।

তথ্যসূত্র: রয়টার্স, এপি, জেএমআইসি, ইউকেএমটিও

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad