কুয়েতে ২ ইতালীয় নাগরিক নিহতের ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ তোতোনজিকে (বাঁয়ে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে কুয়েত। ছবি: আরব নিউজ/কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ তোতোনজিকে (বাঁয়ে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে কুয়েত। ছবি: আরব নিউজ/কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার। নিহত দুজন জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার কর্মী ছিলেন। বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে কাজ করার সময় তারা হামলার শিকার হন। এ ঘটনায় শুক্রবার ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ তোতোনজিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় কুয়েত।

আরব নিউজের খবরে বলা হয়, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, দেশটির গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মন্ত্রণালয় ঘটনাটিকে কুয়েতের ওপর ইরানের ধারাবাহিক হামলার অংশ হিসেবে উল্লেখ করেছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনটি প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষের আঘাতে ওই দুই ইতালীয় নাগরিক গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই ঘটনায় কুয়েতের একজন ও পাকিস্তানের একজন নাগরিক আহত হয়েছেন। হামলায় স্থাপনাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ও দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি জানান, নিহত দুজন রাইনমেটাল ইতালিয়ার প্রযুক্তিবিদ ছিলেন। তারা কুয়েতের একটি আকাশ প্রতিরক্ষা নজরদারি কেন্দ্রে কাজ করছিলেন।

তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহ এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি জানান, কুয়েতে ড্রোন হামলার সঙ্গে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই। ঘটনার উৎস শনাক্ত করতে কুয়েত ও ইতালির সঙ্গে যৌথ তদন্তে সহযোগিতা করতেও ইরান প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি ঘটনাটিকে সন্দেহজনক বলে উল্লেখ করেন। তার ভাষ্য, যুদ্ধের অজুহাত তৈরির জন্য এটি পূর্বপরিকল্পিত কোনো ঘটনা হতে পারে। ইরানের সামরিক মুখপাত্র সারদার শেখারচিও ওই অঞ্চলে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান চালানোর কথা অস্বীকার করেছেন।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশগুলোও নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলার অভিযোগে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটছে।

কুয়েতে দুই ইতালীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় এই সংঘাতের প্রভাব ইউরোপীয় নাগরিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ওপরও পড়েছে। একই সঙ্গে হামলার জন্য ইরানকে দায়ী করে কুয়েতের প্রতিবাদ এবং তেহরানের অস্বীকৃতিতে আঞ্চলিক কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad