শ্রীলঙ্কায় গণকবরে ৫৭৪ কঙ্কাল, হাড়গোড়ের স্তূপে সন্তানের চিহ্ন খুঁজছেন মায়েরা

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের জাফনা শহরের উপকণ্ঠে একটি কবরস্থানে খনন করতে গিয়ে একের পর এক বেরিয়ে আসছে মানুষের কঙ্কাল। কোথাও শিশুর হাড়, কোথাও নবজাতকের দেহাবশেষ। মাটির নিচে পাওয়া গেছে স্কুলব্যাগ, পুতুল, দুধের বোতল, চুড়ি ও ব্যক্তিগত ব্যবহারের নানা জিনিস। প্রতিটি আলামত যেন কারও ফেলে আসা জীবনের গল্প। আর কবরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে একটাই প্রশ্ন— এই হাড়গোড়ের স্তূপে কি লুকিয়ে আছে তাদের হারিয়ে যাওয়া স্বজনের পরিচয়?
শ্রীলঙ্কার কেম্মানি এলাকায় এই গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৭৪ জনের দেহাবশেষ উদ্ধারের হিসাব দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। এর মধ্যে শিশু ও নবজাতকের সংখ্যাও উল্লেখযোগ্য। তবে তাদের পরিচয়, মৃত্যুর সময় কিংবা কীভাবে তারা সেখানে সমাহিত হয়েছিল— কোনো প্রশ্নেরই চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি। শিশুদের দেহাবশেষের পরীক্ষাও এখনো শুরু হয়নি বলে জানিয়েছেন দেশটির নারী ও শিশুবিষয়ক মন্ত্রী সারোজা সাবিত্রী পলরাজ।

এই অনিশ্চয়তার মধ্যে কেম্মানিতে স্বজনদের খোঁজে আসছেন বছরের পর বছর ধরে নিখোঁজ মানুষের অপেক্ষায় থাকা পরিবারগুলো। তাদের কারও সন্তানকে তুলে নেওয়া হয়েছিল, কেউ হারিয়েছেন বাবা বা স্বামীকে। কেউ জানেন না প্রিয়জন বেঁচে আছেন, নাকি বহু আগেই মারা গেছেন। গণকবরের খনন তাদের সামনে একদিকে যেমন স্বজনের সন্ধান পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে, অন্যদিকে নতুন করে জাগিয়ে তুলেছে পুরোনো ক্ষত।
একমাত্র ছেলেকে খুঁজছেন ৬৫ বছরের মা
বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে সুশীলা নামের এক মায়ের গল্প। ৬৫ বছর বয়সী এই নারী খুঁজছেন তার একমাত্র সন্তান জ্ঞানসিলান রবিকে। ২০০৭ সালে ২৪ বছর বয়সী রবিকে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ সুশীলার। এরপর থেকে ছেলের আর কোনো খোঁজ পাননি তিনি।
কেম্মানির গণকবরের খবর পেয়ে অন্য স্বজনদের সঙ্গে সেখানে গিয়েছিলেন সুশীলাও। আশা ছিল, হয়তো ছেলের কোনো পোশাক, অলঙ্কার কিংবা ব্যক্তিগত জিনিসের সন্ধান পাবেন। কিন্তু তেমন কিছু মেলেনি। ছেলের কোনো চিহ্ন না পেয়ে আবারও ফিরতে হয়েছে অনিশ্চয়তা নিয়ে।
বিবিসিকে সুশীলা বলেন, ‘সে ছিল আমার একমাত্র ছেলে। তাকে মনে করে প্রতিদিন কাঁদি। আমার জীবন শূন্য।’ তার এই অপেক্ষা কেবল একজন মায়ের ব্যক্তিগত বেদনা নয়, শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় নিখোঁজ হাজারও মানুষের পরিবারের দীর্ঘ অনিশ্চয়তার প্রতিচ্ছবি।

জেয়ারুবি জেয়াবালানের জীবনের গল্প অন্যরকম। তার বয়স যখন মাত্র ১২ বছর, তখন নিখোঁজ হন বাবা কান্দাইয়া জয়াপালান। বাবার কোনো সন্ধান না পেয়ে বড় হয়েছেন তিনি। এখন কেম্মানির গণকবরের সামনে দাঁড়িয়ে বাবার কোনো চিহ্ন খুঁজছেন।
বিবিসির প্রতিবেদনে দেখা যায়, বাবার ছবি হাতে নিয়ে গণকবরের কাছে গিয়েছিলেন জেয়ারুবি। তারও প্রত্যাশা ছিল, উদ্ধার হওয়া কোনো বস্তু বা দেহাবশেষের সূত্র ধরে হয়তো বাবার পরিণতি জানা যাবে। কিন্তু কঙ্কালগুলো এখনো পরিচয়হীন। উদ্ধার হওয়া জিনিসপত্রের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের দেওয়া তথ্য মিলিয়ে দেখার কাজও শেষ হয়নি। ফলে স্বজনদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
শিশু ও নবজাতকের কঙ্কাল, মিলেছে স্কুলব্যাগ-পুতুল
২০২৫ সালের ফেব্রুয়ারিতে কেম্মানির সিন্থুপাথি হিন্দু কবরস্থানে শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মানুষের হাড়গোড় দেখতে পান। এরপর আদালতের নির্দেশে শুরু হয় খনন ও তদন্ত। কয়েক দফায় চলা খননকাজে একের পর এক কঙ্কাল বেরিয়ে আসতে থাকে। আগস্টে তৃতীয় পর্যায়ের খনন শেষ হওয়ার সময় ৫৭২ জনের দেহাবশেষ পাওয়ার কথা জানানো হয়েছিল। পরে বিচার মন্ত্রণালয় অন্তত ৫৭৪ জনের হিসাব দেয়।

জাফনা ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া প্রত্নতাত্ত্বিক প্রতিবেদনে অন্তত ৫৭৪ জনের দেহাবশেষের হিসাব রয়েছে। এর মধ্যে প্রায় ৪১ শতাংশ শিশু এবং ২২ শতাংশ নবজাতক বলে উল্লেখ করা হয়েছে। উদ্ধার হওয়া জিনিসপত্রের তালিকায় রয়েছে স্কুলব্যাগ, পুতুল, দুধের বোতল, গয়না ও মুদ্রা। এসব জিনিসের কোনোটি কারও পরিচয় নিশ্চিত করতে পারে কি না, তা এখনো জানা যায়নি।
শিশুদের দেহাবশেষের পরীক্ষা শুরু না হওয়ার তথ্যটি তাই বিশেষ উদ্বেগ তৈরি করেছে। মন্ত্রী পলরাজ জানিয়েছেন, পরীক্ষা শেষে প্রয়োজনীয় তদন্ত করা হবে। কিন্তু ঠিক কবে সেই কাজ শুরু হবে, কীভাবে পরিচয় শনাক্ত করা হবে, কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ নমুনা মিলিয়ে দেখার প্রক্রিয়া কী হবে— এসব বিষয়ে এখনো স্পষ্ট সময়সূচি পাওয়া যায়নি।
গৃহযুদ্ধের পুরোনো অভিযোগের সঙ্গে কেম্মানির সংযোগ
কেম্মানির এই গণকবরের ইতিহাস অবশ্য নতুন নয়। শ্রীলঙ্কার ২৬ বছরের গৃহযুদ্ধের সময় তামিল অধ্যুষিত জাফনা উপদ্বীপে বহু মানুষ নিখোঁজ হন। ১৯৯৫ সালে সামরিক অভিযান চালিয়ে শ্রীলঙ্কার সেনাবাহিনী জাফনা উপদ্বীপের নিয়ন্ত্রণ নেয়। এরপর ১৯৯৫ ও ১৯৯৬ সালে বহু মানুষ নিখোঁজ বা নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরিবারগুলোর দাবি, তাদের অনেক স্বজনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিলেন, পরে আর তাদের সন্ধান পাওয়া যায়নি।

কেম্মানির নাম এর আগেও গণকবরের অভিযোগে আলোচনায় এসেছিল। ১৯৯৬ সালে ১৮ বছর বয়সী তামিল স্কুলছাত্রী কৃষান্তি কুমারাস্বামীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কয়েকজন সেনাসদস্য দোষী সাব্যস্ত হন। ওই মামলায় এক সেনাসদস্য সোমারত্নে রাজাপক্ষে আদালতে দাবি করেছিলেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ৩০০ থেকে ৪০০ মানুষকে হত্যা করে কেম্মানি এলাকায় পুঁতে রাখা হয়েছিল।
তার ওই বক্তব্যের ভিত্তিতে ১৯৯৯ সালে প্রথম দফায় খনন চালানো হয়। সে সময় ১৫টি কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে ১২টিতে প্রাণঘাতী আঘাতের চিহ্ন ছিল। কয়েকটি কঙ্কালের হাত পেছনে বাঁধা এবং চোখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলে তদন্তে উঠে আসে। তবে সেই তদন্তের পরও নিখোঁজদের ব্যাপক পরিসরের পরিণতি কিংবা দায়ীদের বিষয়ে পূর্ণাঙ্গ বিচার হয়নি। ২০২৫ সালে নতুন করে হাড়গোড় পাওয়ার পর আবারও কেম্মানি নিয়ে তদন্ত শুরু হয়।
তদন্ত নিয়ে বিতর্ক, আন্তর্জাতিক সহায়তার দাবি
কেম্মানির খননকাজের সঙ্গে যুক্ত প্রত্নতত্ত্ববিদ রাজ সোমাদেবের একটি অন্তর্বর্তী প্রতিবেদন ঘিরে এখন বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষের অবস্থান ও সমাহিত করার ধরন আনুষ্ঠানিক কবর দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হতে পারে।
প্রতিবেদনে মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু মানুষের মৃত্যু এবং দ্রুত কবর দেওয়ার সম্ভাবনাও উত্থাপন করা হয়েছে। তবে প্রতিবেদনে মৃত্যুর কারণ, সময় বা কারা তাদের কবর দিয়েছে— কোনোটিই চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। অবৈধ হত্যাকাণ্ডের সম্ভাবনাও নাকচ করা হয়নি।
নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও তাদের আইনজীবীরা প্রতিবেদনটির বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের অভিযোগ, আগের প্রতিবেদনগুলোর সঙ্গে নতুন প্রতিবেদনের কিছু বক্তব্যের অসামঞ্জস্য রয়েছে। বিশেষ করে এত বিপুলসংখ্যক দেহাবশেষ, শিশু ও নবজাতকের কঙ্কাল এবং ব্যক্তিগত সামগ্রী উদ্ধারের পরও মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের কথা তোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

২০ নভেম্বর জাফনা ম্যাজিস্ট্রেট আদালত জানান, পরবর্তী তদন্তের সিদ্ধান্ত নিতে প্রত্নতত্ত্ববিদের সর্বশেষ প্রতিবেদনকেই একমাত্র ভিত্তি হিসেবে ধরতে হবে না। আগের প্রতিবেদনগুলোর সঙ্গে নতুন প্রতিবেদনের পার্থক্যের যথেষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলেও আদালত উল্লেখ করেন। তবে আদালত প্রতিবেদনটি পুরোপুরি বাতিল করেছেন— এমন সিদ্ধান্তও দেননি। পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
শ্রীলঙ্কার বিচারমন্ত্রী হারশানা নানায়াক্কারা সংসদে বলেছেন, প্রত্নতাত্ত্বিক প্রতিবেদনটি মূলত দেহাবশেষ কী অবস্থায় এবং কীভাবে মাটির নিচে ছিল, তা নিয়ে। মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণের জন্য আলাদা ফরেনসিক মেডিকেল পরীক্ষা প্রয়োজন। আদালতের নির্দেশে জাফনা টিচিং হাসপাতালের বিচারিক চিকিৎসা কর্মকর্তার দল সে কাজ করছে।
ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনে বিদেশি পরীক্ষাগারের সহায়তা নেওয়া হবে বলেও জানিয়েছেন নানায়াক্কারা। তবে সরকার এখন পর্যন্ত স্বাধীন আন্তর্জাতিক তদন্তে সম্মতি দেয়নি, বরং প্রয়োজনীয় কারিগরি ও ফরেনসিক সহায়তা নেওয়ার কথা বলেছে।
অন্যদিকে নিখোঁজদের স্বজনদের সংগঠনগুলো আন্তর্জাতিক তদন্ত ও স্বাধীন ফরেনসিক বিশেষজ্ঞদের সম্পৃক্ততার দাবি জানিয়ে আসছে। তাদের আশঙ্কা, কেবল স্থানীয় প্রক্রিয়ায় তদন্ত চললে সত্য উদ্ঘাটন ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা কঠিন হতে পারে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কও ২০২৫ সালের জুনে কেম্মানি পরিদর্শন করে স্বাধীন ফরেনসিক বিশেষজ্ঞদের যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন।
কঙ্কালের পরিচয় মিলবে কবে?
শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শেষ হয়েছে ২০০৯ সালে। কিন্তু নিখোঁজদের পরিবারগুলোর কাছে যুদ্ধের পরিণতি এখনো শেষ হয়নি। হিউম্যান রাইটস ওয়াচের হিসাবে, দেশটিতে গৃহযুদ্ধ এবং এর আগের দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহের সময় জোরপূর্বক নিখোঁজের শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। সরকারি হিসাবে দেশটির বিভিন্ন এলাকায় ১৭টি গণকবরের স্থান রয়েছে। এসব জায়গার অনেকগুলোতেই তদন্ত ও বিচারপ্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে আছে।
কেম্মানির খনন তাই শুধু একটি গণকবরের রহস্য উন্মোচনের বিষয় নয়। এটি নিখোঁজ মানুষদের ভাগ্য, রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং দীর্ঘদিন ধরে বিচার না পাওয়া পরিবারগুলোর অধিকারের প্রশ্নও সামনে এনেছে।
এখন সবচেয়ে জরুরি কাজ দেহাবশেষের পরিচয় শনাক্ত করা, মৃত্যুর কারণ ও সময় নির্ধারণ এবং অপরাধের প্রমাণ থাকলে দায়ীদের বিচারের আওতায় আনা। কিন্তু শিশুদের কঙ্কালের পরীক্ষাই যেখানে শুরু হয়নি, সেখানে স্বজনদের কাছে আশার চেয়ে অনিশ্চয়তাই বেশি।
সুশীলা কিংবা জেয়ারুবির মতো মানুষেরা কেম্মানিতে গিয়ে হয়তো কোনোদিনই প্রিয়জনের জীবিত ফিরে আসার আশা করেন না। তারা অন্তত জানতে চান, তাদের আপনজনের কী হয়েছিল।
একটি কবরের মাটি খুঁড়ে শত শত কঙ্কাল বেরিয়ে এসেছে, কিন্তু সেই মাটির নিচে চাপা পড়ে থাকা সত্য এখনো পুরোপুরি সামনে আসেনি। আর সেই সত্যের অপেক্ষায় দিন গুনছেন সন্তানের খোঁজে থাকা মায়েরা, বাবার পরিচয় খুঁজতে থাকা মেয়েরা; যাদের কাছে একটি নাম, একটি পরিচয়, একটি নিশ্চিত উত্তরই বহু বছরের অপেক্ষার শেষ হতে পারে।
সূত্র: বিবিসি, ডেইলি মিরর, দ্য আইল্যান্ড



















