আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

ডেস্ক, রাজনীতি ডটকম
কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে বসবাস করছে লাখ লাখ রোহিঙ্গা। ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে বসবাস করছে লাখ লাখ রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো নৃশংসতা গণহত্যা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেই প্রশ্নের নিষ্পত্তি করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। গাম্বিয়ার করা এ-সংক্রান্ত মামলার রায় ঘোষণা করা হবে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।

২০১৯ সালে মামলা দায়েরের সাত বছর পর আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা হতে যাওয়া এ রায়কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিচারব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। আদালত এর আগে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সরাসরি দায়ী করেনি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বিচারপতি ইউজি ইওয়াসাওয়ার সভাপতিত্বে ১৫ সদস্যের বিচারক প্যানেলের রায় পড়া শুরু করার কথা রয়েছে। পুরো প্রক্রিয়ায় দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। ২০১৭ সালে দেশটির রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের সময় সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌন সহিংসতা ও গ্রাম পুড়িয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়।

বিচারপ্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল— মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে প্রমাণ করার মতো উদ্দেশ্য বা অভিপ্রায় ছিল কি না। আন্তর্জাতিক আইনে কোনো জাতিগত, ধর্মীয় বা নৃগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য প্রমাণ করা গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার অন্যতম কঠিন শর্ত।

গাম্বিয়ার যুক্তি, রোহিঙ্গাদের ওপর ধারাবাহিক ও পরিকল্পিত হামলা, হত্যা, ধর্ষণ এবং বসতবাড়ি ধ্বংসের ধরন থেকেই তাদের গণহত্যা ও জাতিগতভাবে নির্মূলের অভিপ্রায় স্পষ্ট হয়।

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল যৌন সহিংসতার ভূমিকা। রোহিঙ্গা নারীদের ওপর সংঘবদ্ধ ধর্ষণ, যৌনাঙ্গে আঘাত ও প্রজননক্ষমতা নষ্ট করার মতো নির্যাতনের অভিযোগ তুলে গাম্বিয়া বলেছে, এসব কর্মকাণ্ড ছিল জনগোষ্ঠীটিকে ধ্বংসের বৃহত্তর পরিকল্পনার অংশ।

জানুয়ারিতে আদালত বাংলাদেশ থেকে যাওয়া রোহিঙ্গা বেঁচে ফেরা ব্যক্তিদের রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্যও গ্রহণ করেন। এক সাক্ষী নিজের সন্তানকে কেড়ে নিয়ে আগুনে নিক্ষেপ করার বর্ণনা দেন। অন্য একজন গণকবরে মরদেহের স্তূপ দেখার কথা জানান।

মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল বলে দাবি করে মিয়ানমার। তবে কয়েক দশক ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া, বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতাকেও মামলার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে তুলে ধরেছে গাম্বিয়া।

এ রায়ের প্রভাব মিয়ানমারের বাইরেও পড়তে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা পৃথক গণহত্যা মামলার ক্ষেত্রে আইসিজের আইনি ব্যাখ্যা গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। দুটি মামলার ঘটনা ও প্রেক্ষাপট এক না হলেও গণহত্যার অভিপ্রায় নির্ধারণে আদালতের যুক্তি আন্তর্জাতিক আইনে ভবিষ্যৎ বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

এ মামলায় মিয়ানমারের তৎকালীন সামরিক প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তবে আইসিজে রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে, ব্যক্তির ফৌজদারি বিচার করে না। ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। দুটি আদালতের এখতিয়ার ও বিচারপ্রক্রিয়া আলাদা।

রোহিঙ্গাদের জন্য রায়ের গুরুত্ব আরও গভীর। বর্তমানে বাংলাদেশে সরকারি হিসাবে ১২ লাখের বেশি ও বেসরকারি হিসাবে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্ব ও নিজ দেশে সমান অধিকার নিশ্চিত করার দাবি তাদের দীর্ঘদিনের। গাম্বিয়া মামলায় ক্ষতিপূরণ, গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ এবং ভবিষ্যতে এমন অপরাধ ঠেকানোর নিশ্চয়তাও চেয়েছে।

তবে রায় এলেই যে দ্রুত প্রত্যাবাসন বা ন্যায়বিচার নিশ্চিত হবে, এমন নয়। আইসিজের রায় চূড়ান্ত ও আইনিভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার নিজস্ব শক্তিশালী ব্যবস্থা আদালতের নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র ও চীনের মতো শক্তিধর দেশের মতপার্থক্য বাস্তবায়নকে জটিল করে তুলতে পারে। ফলে আজকের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে বড় পদক্ষেপ হলেও তাদের নিজ দেশে নিরাপদে ফেরার পথ কতটা খুলবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad