স্পেনের ভোটকেন্দ্রে ব্যাপক জনসমাগম, ক্ষমতায় ফিরতে পারে অতি ডানপন্থিরা

ডেস্ক, রাজনীতি ডটকম
স্পেনের জাতীয় নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ভোটারদের ভিড়। ছবি: সংগৃহীত
স্পেনের জাতীয় নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ভোটারদের ভিড়। ছবি: সংগৃহীত

বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে স্পেনের সাধারণ নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির জাতীয় সরকারে প্রথমবারের মতো অতি ডানপন্থিদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

জনমত জরিপের তথ্য বলছে, বিরোধী মধ্য-ডানপন্থি পিপলস পার্টি (পিপি) ভোটে এগিয়ে থাকতে পারে। তবে সরকার গঠনের জন্য এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে দলটি। সেক্ষেত্রে অতি ডানপন্থি ভক্স পার্টির সমর্থন প্রয়োজন হবে তাদের। এতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আট বছরের শাসনের অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫ দশমিক ৭ শতাংশ। ২০২৩ সালের সর্বশেষ জাতীয় নির্বাচনে একই সময় পর্যন্ত ভোট পড়েছিল ৪০ দশমিক ৫ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্পেনের ৩৫০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭৬টি আসন। জনমত জরিপগুলোতে পিপির এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। ফলে ভক্সের সঙ্গে জোট অথবা দলটির বাইরে থেকে সমর্থন পাওয়ার ওপর নির্ভর করতে পারে নতুন সরকার গঠন। পিপি ও ভক্স এরই মধ্যে স্পেনের চারটি আঞ্চলিক সরকারে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় রয়েছে।

অভিবাসন নিয়ন্ত্রণ, করনীতি, জলবায়ু পরিবর্তন ও এলজিবিটিকিউ অধিকার নিয়ে দুই দলের অবস্থান বামপন্থিদের থেকে আলাদা। ভক্স কঠোর অভিবাসন নীতি, কর কমানো ও জলবায়ু নীতির বিরোধিতা করে থাকে। দলটি বিদেশি নাগরিকদের মধ্যে অপরাধে দণ্ডিতদের বহিষ্কার ও আবাসন বরাদ্দে স্পেনীয়দের অগ্রাধিকার দেওয়ার পক্ষে। পিপিও ব্যাপক সাধারণ ক্ষমার বিরোধিতা, তৃতীয় দেশে অভিবাসীদের ফেরত পাঠানো ও বৈধ অভিবাসনের ক্ষেত্রে পয়েন্টভিত্তিক ব্যবস্থা চালুর কথা বলেছে।

অন্যদিকে সানচেজের আগাম নির্বাচন ডাকার পেছনে ছিল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার সংকট। ২০১৮ সাল থেকে ভঙ্গুর সংখ্যালঘু জোটের ওপর নির্ভর করে সরকার পরিচালনা করছেন তিনি। আবাসন সংকট মোকাবিলায় তার প্রস্তাবিত কয়েকটি অধ্যাদেশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি নতুন নির্বাচনের ঘোষণা দেন। দেশটিতে বাড়িভাড়া বৃদ্ধি, উচ্ছেদ ও আবাসন ব্যয় নির্বাচনি প্রচারের অন্যতম প্রধান ইস্যু হয়ে ওঠে।

এবারের নির্বাচনি প্রচারে বামপন্থি ভোটারদের কেন্দ্রে টানার চেষ্টা করেছেন সানচেজ। তিনি বলেছিলেন, ভোটের হার ৭৫ শতাংশ বা তার বেশি হলে বামপন্থিরা সুবিধা পেতে পারে।

সানচেজ সরকারের সময়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে স্পেন। ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমবাজার সংস্কারের ফলে বেকারত্ব প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে সাধারণ মানুষের একটি অংশ বলছে, বাড়িভাড়া, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল তারা পাচ্ছেন না।

এ ছাড়া সানচেজের ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা মোকাবিলায় ব্যর্থতা ও উত্তর আফ্রিকার স্পেনীয় ছিটমহল সেউতায় অভিবাসীদের চাপ সামলানোর বিষয়গুলোও তার ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। ২০২৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিপি সরকার গঠন করতে পারেনি। এবারও জোটের সমীকরণই নির্ধারণ করবে স্পেনের পরবর্তী সরকার।

রোববার স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। এরপর প্রথমে নির্বাচনি জরিপ এবং প্রায় এক ঘণ্টা পর আনুষ্ঠানিক ফল প্রকাশ শুরু হওয়ার কথা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad