ইতালিতে টানা ১২টি ভূমিকম্প: উপকূলে অরেঞ্জ অ্যালার্ট

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একটির পর একটি ভূকম্পনে কেঁপে উঠল পুরো দক্ষিণ ইতালি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সিসিলি উপকূলীয় অঞ্চলে অন্তত ১২টি ভূমিকম্প অনুভূত হওয়ার পর উপকূলজুড়ে জারি করা হয়েছে জরুরি সুনামি সতর্কতা। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের মুখে আতঙ্কিত লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জরুরি ভিত্তিতে বন্ধ ঘোষণা করা হয়েছে ওই অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান।

ইতালির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে সিসিলি অঞ্চলের তিরেনিয়ান সাগরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মেসিনা ও পালেরমো এলাকায়। এছাড়া বাকি ১১টি কম্পনের মাত্রা ছিল ৩.০ বা তার বেশি।

ভূমিকম্পের পর সম্ভাব্য জলোচ্ছ্বাসের ঝুঁকি এড়াতে সিসিলির সিভিল প্রোটেকশন বিভাগ তাৎক্ষণিকভাবে 'কমলা' (অরেঞ্জ) মাত্রার সুনামি সতর্কতা জারি করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালেরমো ও মেসিনা অঞ্চলের সব স্কুল তাৎক্ষণিক খালি করে দেওয়া হয়। এমনকি ট্রাপানির একটি আদালত থেকেও বিচারক ও কর্মকর্তাদের দ্রুত বের করে আনা হয়।

পরপর ভূকম্পনে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, মুহূর্তেই ঘরবাড়ি ছেড়ে খোলা রাস্তায় নেমে আসেন হাজারও মানুষ। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত বা ভারী ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ইতালির নেপলস শহরে গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। খারাপ আবহাওয়ার মধ্যে নতুন করে এই ভূকম্পন ও সুনামির পূর্বাভাবসে পুরো ইতালীয় উপকূলে এখন চরম সতর্ক অবস্থা বিরাজ করছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad