সৌদিতে হুতি হামলার জের: ১ বছর পিছিয়ে গেল এশিয়ান কাপ

ডেস্ক, রাজনীতি ডটকম
সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ৯ মে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর ড্র অনুষ্ঠান। ফাইল ছবি: রয়টার্স
সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ৯ মে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর ড্র অনুষ্ঠান। ফাইল ছবি: রয়টার্স

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে এএফসি এশিয়ান কাপ। ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি এখন ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে ২৪ দলের এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, যাতায়াতের অনিশ্চয়তা ও লজিস্টিক জটিলতার কারণে সূচি পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে এএফসি।

গত মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করে। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এরপরও দেশটিতে হামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার হুতিরা জানিয়েছে, তারা সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে এশিয়ান কাপ নির্ধারিত সময়ে আয়োজনের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়।

মঙ্গলবার এএফসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে সৃষ্ট ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় নিয়ে টুর্নামেন্টের সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি এই অঞ্চলের ঘটনাবলী থেকে উদ্ভূত বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতির আলোকে, যার মধ্যে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং ভ্রমণ বিঘ্ন অন্তর্ভুক্ত, এই টুর্নামেন্টটির সময়সূচী পুনঃনির্ধারণ করার অনুমোদন দিয়েছে। টুর্নামেন্টের নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।”

এর আগে গত মাসে এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই এশিয়ার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়লেও তখন সূচি পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি তিনি।

এদিকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা এ অঞ্চলে নির্ধারিত প্রীতি ম্যাচগুলো খেলবে। ২০১৫ সালের এশিয়ান কাপজয়ী দলটি আগামী ১১ নভেম্বর দোহায় কাতারের মুখোমুখি হবে। এরপর ছয় দিন পর আম্মানে জর্ডানের বিপক্ষে খেলবে তারা। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

নিরাপত্তা উদ্বেগের প্রভাব পড়েছে ক্লাব ফুটবলও। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে উজবেকিস্তানের পাহতাকোরের বিপক্ষে আল নাস্‌রের ৬-২ গোলের জয়ের ম্যাচে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদোকে আনুষ্ঠানিকভাবে বিশ্রাম দেওয়ার কথা জানানো হলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কায় তাকে দলে রাখা হয়নি। এর এক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল নিরাপত্তা উদ্বেগের কারণে রিয়াদে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচ স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, সৌদি আরব এবারই প্রথম এশিয়ান কাপ আয়োজন করছে। এ টুর্নামেন্টের জন্য সৌদি আরবে আটটি স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি রিয়াদে। টুর্নামেন্টের মোট ৫১টি ম্যাচের ৩০টিই হওয়ার কথা ছিল রাজধানী শহরটিতে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনেরও কথা রয়েছে দেশটির।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad