চট্টগ্রাম রেলওয়ের জোনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সফিকুর, সম্পাদক চৈতী

বাংলাদেশ রেলওয়ে স্পোর্টস কন্ট্রোল বোর্ডের আওতায় ২০২৬-২৭ সালের জন্য ‘জোনাল স্পোর্টস কাউন্সিল, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামে’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (পূর্ব) চৈতী মুহুরী।
দুই সপ্তাহ আগে গত ১৪ সেপ্টেম্বর জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন এই কমিটি অনুমোদিত হয়েছিল। বুধবার (৩০ সেপ্টেম্বর) ছিল কমিটির অভিষেক সভা।
অভিষেক সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মামুনুল ইসলাম রেলওয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে নতুন কমিটির সদস্যদের ক্রীড়া কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
১৫ সদস্যের এই কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন চারজন। তাদের মধ্যে ঢাকা বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ডিএসএ) সভাপতি হিসেবে রয়েছেন ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান, চট্টগ্রাম ডিএসএর সভাপতি হিসেবে রয়েছেন চট্টগ্রামের ডিআরএম মোস্তাফিজুর রহমান ভূঁঞা এবং পাহাড়তলী ডিএসের সভাপতি হিসেবে রয়েছেন কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান। এ ছাড়া পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট পদাধিকারবলে সদর ডিএসএর সভাপতি হিসেবে থাকবেন কমিটির ভাইস চেয়ারম্যান পদে।
কমিটির কোষাধ্যক্ষ করা হয়েছে পূর্বাঞ্চলীয় অতিরিক্ত এফএএন্ডসিএও অজিত কান্তি রুদ্রকে। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন পূর্বাঞ্চলীয় অতিরিক্ত সিসিএম মো. শওকত জামিল মোহসী।
বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য কমিটিতে সম্পাদকের পদ রয়েছে চারটি। এর মধ্যে ফুটবল সম্পাদক হিসেবে রয়েছেন ডিসিওএস (পি-২) গোলাম মোর্শেদ, ক্রিকেট ও অন্যান্য খেলার সম্পাদক করা হয়েছে নির্বাহী প্রকৌশলী পিঅ্যন্ডডি মোহাম্মদ মুরসালীন রহমানকে। এ ছাড়া দাবা, ক্যারাম ও টেবিল টেনিসের সম্পাদক হয়েছেন ডিইই (সদর) মো. আরিফুল ইসলাম এবং ভলিবল ও ব্যাডমিন্টনের সম্পাদক হয়েছেন ডেপুটি সিওপিএস (পূর্ব) তারেক মুহাম্মদ ইমরান।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন তিনজন— জেডব্লিও (পূর্ব) মো. মহিউদ্দীন সোহেল, এসডব্লিউআই (সদর) মোজাফফর আহমেদ ও জেটিআই (টি) (সদর) মোহাম্মদ শহীদুল আনোয়ার।

















