ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, ইয়ামালকে টপকে এগিয়ে হ্যারি কেইন

বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের লড়াইয়ে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে। পুরস্কার জয়ের দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের জয়ের সম্ভাবনা কমে গেছে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আরও এক তারকা।
সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বর্ণাঢ্য অনুষ্ঠানে এবারের ব্যালন ডি’অর তুলে দেওয়া হবে। পুরস্কার ঘিরে নানা আলোচনা ও সম্ভাবনার মধ্যে প্রধান দাবিদারদের নিয়ে বুকমেকারদের বাজির দরেও পরিবর্তন এসেছে।
শনিবার বুকমেকারদের গড় হিসাবে কেইনের পক্ষে বাজির দর ছিল ১.৩৫। অসাধারণ এক মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৭৩ গোল করেছেন ইংল্যান্ডের এই অধিনায়ক। পরিসংখ্যান ও বাজির দর—দুই বিবেচনাতেই অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।
অন্যদিকে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইয়ামালের জয়ের সম্ভাবনা নিয়ে হিসাব বদলে গেছে। বড় বুকমেকারগুলোর বেশির ভাগই তাঁর পক্ষে বাজির দর ৩.২৫ থেকে বাড়িয়ে ৬.০০ করেছে।
গত মৌসুমে লা লিগায় ১৬ গোল করার পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেন ইয়ামাল। তাঁর পারফরম্যান্সে ভর করে শিরোপা ধরে রাখে বার্সেলোনা। দলটি জেতে স্প্যানিশ সুপার কাপও।
এ ছাড়া ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ১৯ বছর বয়সী এই তারকার। অতীতে ব্যালন ডি’অরের ভোটে বিশ্বকাপ জয়ের প্রভাব গুরুত্বপূর্ণ হওয়ায় এবারও ইয়ামালের সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র সাম্প্রতিক পুরস্কারে কেইনের জয় এবারের দৌড়ে সমীকরণ বদলে দেওয়ার অন্যতম কারণ হতে পারে।
যেভাবে নির্বাচিত হবেন ব্যালন ডি’অরজয়ী
পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের একজন করে মনোনীত ক্রীড়া সাংবাদিক ভোট দেন। নারীদের ব্যালন ডি’অরের ক্ষেত্রে শীর্ষ ৫০টি দেশের একজন করে সাংবাদিক ভোট দেওয়ার সুযোগ পান।
ভোটাররা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে নিজেদের পছন্দের সেরা ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে বেছে নেন। প্রথম স্থান পাওয়া খেলোয়াড় পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড় ১২ এবং তৃতীয় স্থানে থাকা খেলোয়াড় পান ১০ পয়েন্ট। এভাবে পয়েন্ট বণ্টনের পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতে ওঠে ব্যালন ডি’অর।












