এবিজি ইউনিভার্সিটি কাপের সূচি প্রকাশ: জেনে নিন কবে মাঠে নামছে কোন দল

দেশের স্বনামধন্য পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে জমকালো এই টুর্নামেন্টের পর্দা উঠছে। প্রতিযোগিতা সামনে রেখে শুক্রবার আয়োজকদের পক্ষ থেকে দুই ইভেন্টেরই পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এবারের আসরে ক্রিকেট ও ফুটবল দুটি বিভাগেই অংশগ্রহণ করবে ৫টি করে মোট ১০টি বিশ্ববিদ্যালয়। দলগুলোকে দুটি পৃথক গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের উত্তেজনাকর খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আগামী ২৫ অক্টোবর ক্রিকেটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
অন্যদিকে, ফুটবলের রোমাঞ্চকর লড়াই শুরু হবে ২৬ অক্টোবর থেকে। ফুটবলের প্রথম দিন বিকেল ৫টায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস, ম্যাচের দিনক্ষণ ও নির্ধারিত সময়সহ ক্রিকেট এবং ফুটবলের পূর্ণাঙ্গ সূচি আয়োজকদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।














