শ্রীলঙ্কার জালে ১ হালি, গ্রুপসেরা হয়ে সাফের সেমিতে বাংলাদেশ

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন হামজা চৌধুরী। সে অভিষেককে এর চেয়ে বেশি আর কোনোভাবে বোধহয় স্মরণীয় করে রাখতে পারতেন না। কারণ গোল করেছেন তিনি, করিয়েছেনও। সেই সঙ্গে প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়ে এক হালি গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে দল। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে তাই গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে লঙ্কানদের রীতিমতো ৪-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছেড়েছেন হামজারা। গোল করেছেন হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ আর রাকিব হোসেন।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ দলের হাতে। গোল পেতেও দেরি হয়নি, সময় লেগেছে মাত্র ৮ মিনিট। ডান প্রান্ত থেকে হামজার বাড়ানো ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ফিস্ট করে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফাঁকায় বল পেয়ে শমিত সোম শট নেন। তবে তার প্রথম শটও প্রতিহত হয়, দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান তিনি।
গোল পেয়ে খেলার গতি যেন আরও বেড়ে যায় বাংলাদেশের। ২৫ মিনিটেই গোল পেতে পারতেন হামজা। ফারহানের বাড়ানো লং বলে বক্সে মাথা ছোঁয়ান রাকিব হোসেন। সামনে এগিয়ে আসা গোলরক্ষককে দেখে হামজা দারুণ এক ব্যাকহিল চিপ করলে তা বারের সামান্য ওপর দিয়ে চলে যায়। তবে ৪৪ মিনিটে আর ভুল হয়নি। বাঁ দিক দিয়ে গতিতে লঙ্কান ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে জোরালো শটে ব্যবধান ২-০ করেন অধিনায়ক হামজা।
বিরতি থেকে ফিরেও ছন্দ ধরে রাখে বাংলাদেশ দল। ম্যাচের ৫৩ মিনিট তথা প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ৮ মিনিটের মাথায় আসে তৃতীয় গোল। শমিতের পাস থেকে ডি-বক্সের বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে দারুণ ড্রিবলিংয়ে একে একে লঙ্কান শিবিরের চার ডিফেন্ডারকে পরাস্ত করে জালে বল জড়ান এই তরুণ উইঙ্গার। অসাধারণ এক গোল উপহার দেন তিনি।

পরে বেশ কয়েকজন বদলি খেলোয়াড় নামালেও ম্যাচের লাগাম ছুটে যায়নি বাংলাদেশের হাত থেকে। ৮৭ মিনিটে তথা ম্যাচ শেষ হওয়ার ঠিক ৩ মিনিট আগে আবারও বাংলাদেশ গ্যালারিকে উচ্ছ্বাসে ভাসানোর মুহূর্ত উপহার দেন ফুটবলাররা। এবার গোলদাতা রাকিব হোসেন। স্কোরলাইন ৪-০।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। বড় হারে বাংলাদেশের গ্রুপ থেকে বাদ পড়ল শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে টিকে থাকল ভুটান, সেমিফাইনালে যাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।










-65aa68-256x144.webp)




