ডাবল সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়

ডেস্ক, রাজনীতি ডটকম
ডাবল সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়

ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। ১৭২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ হারায় সাত উইকেট। সাদমান ইসলামের চোটের কারণে হাতে ছিল মাত্র দুই উইকেট। এমন কঠিন পরিস্থিতি থেকে দলকে শুধু লিডের সম্ভাবনাই দেখাননি তাওহীদ হৃদয়, খেলেছেন রেকর্ডগড়া এক ইনিংস। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

এর আগে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে প্রথম সেঞ্চুরির ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুমিনুল হকের। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে তিনি করেছিলেন ১৮১ রান। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নিজের প্রথম সেঞ্চুরিকেই দ্বিশতকে পরিণত করলেন হৃদয়।

এ নিয়ে বাংলাদেশের তিন ব্যাটারের করা পাঁচটি ডাবল সেঞ্চুরির তালিকায় যুক্ত হলো নতুন নাম। মুশফিকুর রহিমের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেছেন একটি করে। এবার চতুর্থ ক্রিকেটার হিসেবে সেই তালিকায় জায়গা করে নিলেন হৃদয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও প্রথমবারের মতো টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা মিলল তাঁর ব্যাটে। এই মাঠে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বাংলাদেশের মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস করেছিলেন ১৬৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্টে নতুন ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটার ১৫০ রানের ঘরও পেরোতে পারেননি। হৃদয় সেই সীমা ছাড়িয়ে পূর্ণ করেছেন ডাবল সেঞ্চুরি। ৩০৪ বলের ইনিংসে ১৯টি চার ও সাতটি ছক্কা মেরেছেন তিনি।

অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে হৃদয় যোগ করেছেন ১১৭ রান। টেস্টে এই উইকেটে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ১৪৪ রানের জুটিটি এখনো শীর্ষে রয়েছে।

হৃদয়ের এই দুর্দান্ত ইনিংসের পর বাংলাদেশের লক্ষ্য এখন প্রথম ইনিংসে লিড নেওয়া। তবে ইনিংসের এই পর্যায়েও ২৫ রানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad