গোড়ালি মচকেছে সাদমানের, ব্যাটিং নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া প্রতিবেদক
ফিল্ডিং করতে গিয়ে গোড়ালি মচকে ফেলা সাদমান ইসলামকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। ছবি: বিসিবি
ফিল্ডিং করতে গিয়ে গোড়ালি মচকে ফেলা সাদমান ইসলামকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। ছবি: বিসিবি

বোলিং দিয়ে হাসান মাহমুদ-মেহিদী হাসান মিরাজরা দিনের শুরুতে আলো ছড়ালেও এর মধ্যেই ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ভর করেছে বাংলাদেশ শিবিরে। ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। মাঠ ছাড়তে হয়েছে তাকে। তিনি ব্যাটিংয়ে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম এক অডিও বার্তায় জানিয়েছেন, গোড়ালি মচকে গেছে সাদমানের। পরীক্ষা-নিরীক্ষার পর চোটের সবশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বায়েজিদুল বলেন, ‘সাদমানের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা তাকে এমআরআই স্ক্যান করানোর জন্য পাঠাব।’

সাদমানের চোটের ঘটনাটি ঘটেছে দিনের মাত্র অষ্টম ওভারেই। মেহেদী হাসান মিরাজের বল লেগ সাইডে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গো। সীমানার দিকে যেতে থাকা বল তাড়া করেন সাদমান। বলটি থামানোর চেষ্টা করতেই তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে মচকে যায়।

মুহূর্তেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন সাদমান। ফিজিওরা মাঠে দৌড়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিলেও লাভ হয়নি। যন্ত্রণা কমেনি সাদমানের। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাদমান। এ টেস্টেও তার কাছ থেকে বড় রানের প্রত্যাশাই রয়েছে দলের। চোটের কারণে শেষ পর্যন্ত মাঠে নামতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad