ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সাফের সেমিতে বাংলাদেশ

সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে অন্তত ড্র করতে হতো ভুটানের। ম্যাচে শুরুতে গোলও পেল। পরে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও ভুটানও ছাড় দেয়নি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। তাতে কেবল ভুটান নয়, কপাল খুলেছে বাংলাদেশেরও। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল স্বাগতিকরা।
রোববার (৮ নভেম্বর) পল্টনে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে মুখোমুখি হয়েছিল ভুটান ও শ্রীলঙ্কা। ম্যাচটি ড্র হওয়ায় ১ পয়েন্ট ভাগাভাগি করেছে ভুটান ও শ্রীলঙ্কা। আগেই ভুটানকে হারানো বাংলাদেশ পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এখন ১ পয়েন্ট করে পাওয়া বাকি দুই দল সেমির আশা বাঁচিয়ে রেখেছে।
আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেদিন শ্রীলঙ্কা ড্র করলে বা জিতলে তারাই উঠে যাবে সেমিফাইনালে। আর শ্রীলঙ্কা হেরে গেলে ভুটানকে তাকিয়ে থাকতে হবে গোল ব্যবদানের দিকে।
রোববারের ম্যাচে ৩৪তম মিনিটে চেনচো গাইয়েলতশেনের ক্রস শ্রীলঙ্কার এক ডিফেন্ডার ফেরালেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন দাওয়া তিসেরাং, এগিয়ে যায় ভুটান। তবে সে লিড একেবারেই ধরে রাখতে পারেনি ভুটান। অস্ট্রেলিয়া প্রবাসী উইঙ্গার ওলিভার জেমসের দূরপাল্লার শট খুঁজে নেয় জাল, সমতায় ফেরে শ্রীলঙ্কা।
প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে এবার এগিয়ে যায় শ্রীলঙ্কাই। অলিভার জেমসের ক্রসে ডাইভিং হেডে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন ওয়াসিম রাজেক। ২-১ ব্যবধানে পিছিয়ে ভুটান বিরতিতে যায়।
বিরতির পর ৬৭তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ভুটান। ডি-বক্সে কিংজেন তেনজিনকে ফাউল করেন ডিলন সেনান ডি সিলভা। পেনাল্টি। চেনচো শট নিলেও তা শ্রীলঙ্কান গোলরক্ষক সুজান পেরেইরা আটকে দেন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে। ফিরতি শট গোললাইন থেকে ডিলন ফিরিয়ে দিলে সমতায় ফেরা হয়নি ভুটানের।
শেষ পর্যন্ত ৭৭তম মিনিটে সমতায় ফিরতে পারে ভুটান। চেনচোর দূরপাল্লার ফ্রিকিক শ্রীলঙ্কার গোলরক্ষক তালুবন্দি করতে পারেননি। তার হাত থেকে ছুটে যাওয়া বল তানদিন তিসেরাং ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নেন। তার কাট-ব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন চেনচো।
এরপর শ্রীলঙ্কার আরও দুয়েকটি আক্রমণ রুখে দেন ভুটানের গোলরক্ষক জাংপো গাইয়েলতশেন। তাতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি শ্রীলঙ্কা। ভুটানও আর সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ২-২ গোলেই শেষ হয় ম্যাচ। দুই দলকেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
এখন বুধবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নির্ধারণ করবে, এই গ্রুপ থেকে আর কোন দল সেমিফাইনালে উঠবে।








-65aa68-256x144.webp)



