শেষ উইকেটের প্রতিরোধে ৩৫০ পেরোল ওয়েস্ট ইন্ডিজ, সাদমানকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা বোলার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা বোলার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

মধ্যাহ্নবিরতির পর মাত্র তৃতীয় বলেই শামারা জোসেফের স্টাম্প উপড়ে ফেললেন হাসান মাহমুদ। পতন ঘটল ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেটের। তারপর জোমেল ওয়ারিক্যান আর জেইডেন সিলস মিলে শেষ উইকেটে গড়ে তুললেন প্রতিরোধ। ১০ ওভারের বেশি সময় উইকেটে টিকে থেকে তুলে নিলেন ৩৩ রান। তাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস সাড়ে তিন শ রান পেরিয়ে ৩৫৬ রানে থেমেছে।

এদিকে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ার কারণে সাদমান ইসলামকে ছাড়াই ইনিংস শুরু করতে হয়েছে বাংলাদেশকে। নিয়মিত ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংসের গোড়পত্তন করতে নেমেছেন স্পিনার নাঈম হাসান। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তার অর্ধশত রানের ইনিংস কিছুটা হলেও বাংলাদেশি বোলারদের লড়াই করার পুঁজি এনে দিয়েছিল।

এর আগে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ১১১ ও জাস্টিন গ্রিভস ৩৫ রান নিয়ে দিন শুরু করেন। ৮২তম ওভারে টানা দুই বলে উইকেট তুলে নিয়ে দিনের প্রথম ধাক্কাটা দেন হাসান মাহমুদ।

আগের দিনের সঙ্গে আরও ২২ রান যোগ করা জাঙ্গুকে ১৩৫ রানের মাথায় বোল্ড করেন হাসান। পরের বলে রোস্টন চেজকে লিটন দাসের গ্লাভসবন্দি করেন তিনি। কয়েক ওভার পর ২৩ রান করা জশুয়া বিশপ ফেরেন হাসানের বলে লিটনের দারুণ এক স্টাম্পিংয়ে। ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্রিভস। ব্যক্তিগত ৫১ রানে মিরাজের বলে বোল্ড হন তিনি।

আগের দিনের ২ উইকেটে সঙ্গে আজ প্রথম সেশনে হাসান নেন আরও তিনটি। দ্বিতীয় সেশনের শুরুতে আরেক উইকেট নিয়ে তিনি ইনিংস শেষ করেছেন ৯০ রানে ৬ উইকেট তুলে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের বাকি চার উইকেট সমানভাবে ভাগাভাগি করে তুলে নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad