ঢাকায় যাত্রাবিরতিতে ফিফা প্রধান ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকায় যাত্রাবিরতিতে ফিফা প্রধান ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহসভাপতি। প্রায় এক ঘণ্টার আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন ফেডারেশনের কর্মকর্তারা।

বাফুফের সহসভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, আলোচনায় বাংলাদেশের ফুটবল নিয়ে বিভিন্ন বিষয় ফিফা সভাপতিকে অবহিত করা হয়েছে। কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টিও তুলে ধরা হয়। প্রয়োজনে এ প্রকল্পে ফিফার আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে ইনফান্তিনো প্রাথমিক আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ইনফান্তিনো। ভুটানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তার। ২০ অক্টোবর ফেরার পথেও বাংলাদেশে যাত্রাবিরতির সম্ভাবনা রয়েছে। তবে সে সময় বাফুফের কর্মকর্তারা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে থাকবেন।

বাংলাদেশে ফিফা সভাপতির এই সংক্ষিপ্ত অবস্থান নিয়ে আনুষ্ঠানিক প্রচারেও ঘাটতি ছিল। গতকাল বিকেল পর্যন্ত ইনফান্তিনোর যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত ছিল না। রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পরও বাফুফে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়নি। ইনফান্তিনো ঢাকা ছাড়ার সময় তার সফরের ছবি ও ভিডিও সরবরাহ করা হয়।

এর আগে সাবেক ফিফা সভাপতি হুয়াও হ্যাভেল্যাঞ্জ ১৯৮১ সালে ঢাকায় পাইওনিয়ার ফুটবলের উদ্বোধন করেন। আরেক সাবেক সভাপতি সেপ ব্লাটার ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ উদ্বোধন করতে বাংলাদেশে এসেছিলেন। ২০১২ সালেও তিনি ঢাকায় সফর করেন। বর্তমান সভাপতি ইনফান্তিনো ২০১৭ সালে এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। নয় বছর পর এবার যাত্রাবিরতির সুবাদে অল্প সময়ের জন্য ঢাকায় এলেন তিনি।

এদিকে ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ব্যর্থতা এবং ফুটবলারদের নাইট ক্লাবে যাওয়ার ঘটনা সামনে আসার পর জাতীয় দল কমিটির সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে সেই সভার আলোচ্য বিষয়ও গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে। অথচ নারায়ণগঞ্জে একটি একাডেমি পরিদর্শনের সময় সাংবাদিকদের একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিল ফেডারেশন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement