প্রথমবার একই দলে নারী-পুরুষ, জার্মানিতে শুরু হচ্ছে নতুন টি-২০ লিগ

ক্রীড়া ডেস্ক
নারী-পুরুষের মিশেলে নতুন টি-২০ লিগ আয়োজন করতে যাচ্ছে জার্মানি। প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি
নারী-পুরুষের মিশেলে নতুন টি-২০ লিগ আয়োজন করতে যাচ্ছে জার্মানি। প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

ক্রিকেটে নারী ও পুরুষদের প্রতিযোগিতা এত দিন আলাদাভাবেই হয়ে এসেছে। এবার সেই প্রচলিত ধারায় পরিবর্তন আনতে যাচ্ছে জার্মানি। দেশটিতে নারী ও পুরুষ ক্রিকেটারদের একই দলে রেখে শুরু হতে যাচ্ছে পেশাদার টি-টোয়েন্টি লিগ। ‘ইকুয়াল’ নামের এই প্রতিযোগিতার প্রথম আসর বসার কথা ২০২৭ সালের আগস্টে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইয়াহু স্পোর্টসের খবরে বলা হয়, ভারতের সাবেক পেসার ও ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য জহির খানের মালিকানাধীন ক্রীড়া প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি জার্মান ক্রিকেট ফেডারেশনের (ডয়েচার ক্রিকেট বান্ড) সঙ্গে যৌথভাবে লিগটি আয়োজন করবে। পেশাদার ক্রিকেটে নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণের ক্ষেত্রে এটি হবে নতুন এক উদ্যোগ।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিগটির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা জানান জহির খান। তিনি লিখেছেন, ‘আগামী বছর জার্মানিতে প্রথমবারের মতো মিশ্র-লিঙ্গের টি-টোয়েন্টি লিগ ইকুয়াল আয়োজন হতে যাচ্ছে। এটি সেই লক্ষ্যে একটি দারুণ পদক্ষেপ।’ এই উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত বলেও জানান তিনি।

ক্রিকেটকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। জহির খান বলেছেন, ইউরোপের মতো উদীয়মান ক্রিকেট বাজারে খেলাটির প্রসার অনেকটাই নির্ভর করছে এটিকে কতটা সহজলভ্য করা যায় এবং কত বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়, তার ওপর।

তার মতে, ইকুয়াল কেবল আরেকটি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা নয়। নারী-পুরুষ নির্বিশেষে আরও বেশি মানুষকে ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াই এর লক্ষ্য। তিনি বলেন, ‘সব লিঙ্গের মানুষের অংশগ্রহণ, অবদান রাখা এবং ক্রিকেটের বিকাশের অংশ হওয়ার সুযোগ করে দিতে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’

জার্মান ক্রিকেট ফেডারেশনের সভাপতি সেভেরিন ভাইস বলেন, দেশটিতে নারী ও পুরুষ—দুই বিভাগেই উল্লেখযোগ্যসংখ্যক ক্রিকেটার রয়েছেন। ফলে নতুন খেলোয়াড় বা দর্শক তৈরির চেয়ে বিদ্যমান ক্রিকেটারদের জন্য একটি কাঠামোবদ্ধ প্রতিযোগিতার সুযোগ তৈরি করাই এই লিগের লক্ষ্য।

পাঁচ দলের লড়াই, একাদশে ৬ নারী ও ৫ পুরুষ

প্রথম আসরে অংশ নেবে পাঁচটি দল। সব মিলিয়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে থাকবেন ১৮ জন করে ক্রিকেটার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, একাদশ সাজানোর ক্ষেত্রে নারী ও পুরুষ ক্রিকেটারের জন্য নির্দিষ্ট অনুপাত রাখা হয়েছে।

প্রতি ম্যাচে একাদশে খেলতে হবে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ ক্রিকেটারকে। অর্থাৎ পুরুষের তুলনায় নারী ক্রিকেটারের সংখ্যা বেশি থাকবে। পেশাদার ক্রিকেটের প্রচলিত কাঠামো থেকে এই নিয়মই লিগটিকে আলাদা করে তুলবে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সাধারণ টি-টোয়েন্টির নিয়মেই খেলা হবে। তবে খেলোয়াড়দের নিরাপত্তা ও বদলি ক্রিকেটার ব্যবহারের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম থাকবে। সেসব নিয়ম এখনো প্রকাশ করা হয়নি। মাঠে প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্য কেমন হবে, তা অনেকটাই নির্ভর করবে এই নিয়মগুলোর ওপর।

জার্মানিকেই কেন বেছে নেওয়া হলো

জার্মানি ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য। দেশটির পুরুষ ক্রিকেট দল এখন পর্যন্ত ৭৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪৯টিতে জয় পেয়েছে। অভিবাসীদের মাধ্যমে দেশটিতে ক্রিকেটের বিস্তার ঘটেছে। ফলে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ঘরোয়া কাঠামো না থাকলেও সেখানে ক্রিকেটারদের একটি উল্লেখযোগ্য ভিত্তি তৈরি হয়েছে।

আয়োজকদের ধারণা, মিশ্র-লিঙ্গের পেশাদার ক্রিকেট লিগ পরীক্ষামূলকভাবে চালুর জন্য জার্মানি উপযুক্ত জায়গা। ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশে নারী ও পুরুষ ক্রিকেটের আলাদা ও প্রতিষ্ঠিত প্রতিযোগিতার সূচি রয়েছে। ফলে সেখানে নতুন ধরনের এমন আয়োজনের জায়গা তৈরি করা তুলনামূলক কঠিন। জার্মানিতে সেই বাধা কম।

এ উদ্যোগের পেছনে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও একটি প্রেক্ষাপট রয়েছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। অলিম্পিকে খেলাটির প্রত্যাবর্তনের আগে সহযোগী সদস্য দেশগুলোও নিজেদের ক্রিকেটকে আরও পরিচিত করার চেষ্টা করছে।

ইকুয়ালের প্রথম আসরের ১২টি ম্যাচ তাই শুধু নতুন একটি প্রতিযোগিতার সূচনা নয়, নারী ও পুরুষ ক্রিকেটারদের একই দলে রেখে পেশাদার ক্রিকেট আয়োজনের সম্ভাব্যতাও যাচাই করবে। ছয় নারী ও পাঁচ পুরুষের সমন্বয়ে গড়া এই দলগুলো মাঠে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিতে পারে, সেটিই হবে বড় পরীক্ষা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad