রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার প্রযোজনায় মঞ্চে ফিরছে ‘এনিমেল ফার্ম’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
‘এনিমেল ফার্ম’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
‘এনিমেল ফার্ম’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে জর্জ অরওয়েলের আলোচিত উপন্যাস অবলম্বনে নাটক ‘এনিমেল ফার্ম’। আগামী ২৬ ও ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক ড. মো. শামীম আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নাটকটির নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক, গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। জর্জ অরওয়েলের মূল উপন্যাসটি নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ।

১৯৪৫ সালে প্রকাশিত ‘এনিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। রুশ বিপ্লব ও পরবর্তী সোভিয়েত শাসনব্যবস্থার রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে লেখা হলেও এর বিষয়বস্তু বিশ্ব জুড়েই প্রাসঙ্গিকতা পেয়েছে। ক্ষমতার অপব্যবহার, বিপ্লবের আদর্শচ্যুতি, রাজনৈতিক প্রতারণা, ইতিহাস বিকৃতি এবং সাধারণ মানুষের অধিকার হরণের মতো বিষয় উঠে এসেছে উপন্যাসটিতে। এর বহুল আলোচিত বক্তব্য, ‘সকল পশু সমান, তবে কেউ কেউ অধিকতর সমান’— নাটকটির রাজনৈতিক তাৎপর্যকে আরও স্পষ্ট করে।

নাটকটির নির্দেশক ড. সাইদুর রহমান লিপন বলেন, “‘এনিমেল ফার্ম’ শুধু একটি পশুখামারের গল্প নয়; এটি আমাদের রাষ্ট্র, সমাজ ও ক্ষমতাকাঠামোর প্রতিচ্ছবি। ইতিহাসে আমরা দেখেছি, মানুষ বারবার মুক্তির স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষমতার পালাবদল ঘটলেও শোষণের কাঠামো বদলায়নি। জর্জ অরওয়েলের এই উপন্যাস আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।”

প্রযোজনাটিতে অভিনয় করছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা। সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন ড. শামীম আহমেদ ও আব্দুর রাজ্জাক। সেট ও প্রপস পরিকল্পনার দায়িত্বেও রয়েছেন আব্দুর রাজ্জাক। পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মন এবং সংগীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট কাজ করেছেন। কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ইশতিয়াক ইমরান। মুখোশ পরিকল্পনা ও নির্মাণে রয়েছেন সোহায়েল রহমান উজান।

দর্শকদের জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। টিকিট, আসন ও প্রদর্শনীসংক্রান্ত তথ্য জানতে +৮৮০১৭১১৫৭৯৩১৯ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও টিকিট বুকিং করা যাবে।

এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়েছিল ‘এনিমেল ফার্ম’।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad