ভেনিসে হামলা: দেশে ফিরেই ক্ষোভ ঝাড়লেন বাঁধন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভেনিসে হামলা: দেশে ফিরেই ক্ষোভ ঝাড়লেন বাঁধন

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়ে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফিরেই সংবাদ সম্মেলনে ওই ঘটনার জন্য ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে ৩ সেপ্টেম্বর ইতালি যান বাঁধন। ৭ সেপ্টেম্বর পরিবার নিয়ে ঘুরতে বের হলে ভেনিসে তিনি হেনস্তার শিকার হন। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে সোমবার সকালে দেশে ফেরেন এই অভিনেত্রী।

সংবাদ সম্মেলনে হামলাকারীদের পাশাপাশি তাদের উসকানিদাতাদেরও সতর্ক করেন বাঁধন। তিনি বলেন, হামলাকারীরা তাঁর গায়ে হাত তুলে নিজেদের অবস্থানই আরও অনিরাপদ করেছেন।

বাঁধন বলেন, বিদেশে বসে যারা ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে মানুষকে উসকানি দিচ্ছেন, তাদেরও এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠান উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করছে।

ইতালির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বাঁধন বলেন, হামলাকারীরা বাংলাদেশেরই মানুষ, তাই তাদের তিনি ‘প্রবাসী ভাই’ বলেছেন। তবে তাদের আচরণের কারণে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হামলার পর বাঁধন দাবি করেছিলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা তার ওপর হামলা চালিয়েছেন। সংবাদ সম্মেলনে দলটির সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, দলকে ভালোবাসা বা সমর্থন করা যেতে পারে, তবে দলকানা হওয়া উচিত নয়।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রতিও সংযত হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও ভবিষ্যতে তারা রাজনীতি করবে। তাই এমন কোনো রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার জন্য ভবিষ্যতে তাদের লজ্জিত হতে হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
ভেনিসে হামলা: দেশে ফিরেই ক্ষোভ ঝাড়লেন বাঁধন