বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি, চালকসহ আহত ২

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় টাইগার রক্ষা পেলেও তার গাড়ির চালক ও কাছাকাছি থাকা এক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। পাঞ্জাবের লরেন্স বিষ্ণোই গ্যাং এ হামলার দায় স্বীকার করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে টাইগার গাড়ি নিয়ে বের হওয়ার সময় এ হামলা হয়। ঘটনার পর তাকে পুলিশি নিরাপত্তায় বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
টাইগার শ্রফের বাবা প্রখ্যাত অভিনেতা জ্যাকি শ্রফও ছেলের অক্ষত থাকার খবর নিশ্চিত করেছেন। বলেছেন, ‘টাইগার ঠিক আছে।’ মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার মোহিত গার্গ নিশ্চিত করেছেন, অভিনেতার শরীরে কোনো গুলির আঘাত লাগেনি।
ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। মুম্বাই পুলিশের কমিশনারকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার সন্ধ্যায় জুহুর পুষ্পা পার্কে টাইগার শ্রফ ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে বিএমডব্লিউ গাড়িতে করে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে সাত রাউন্ড গুলি চালানোর কথা বলা হলেও পুলিশ গুলির সংখ্যা নিশ্চিত করেনি।
গুলি চালানোর ঘটনায় টাইগারের চালক আহত হন। কাছাকাছি থাকা এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। টাইগার কোনো আঘাত ছাড়াই ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন।
ঘটনার পর হামলাকারীদের ধরতে বড় ধরনের অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেলে আসা হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের অন্তত ১৫টি দল তদন্তে কাজ করছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামতও সংগ্রহ করা হয়েছে।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকার
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে হামলার দায় স্বীকার করা হয়। পরে অনিল পণ্ডিত ও হারমান সন্ধু নামে দুই ব্যক্তি গ্যাংটির পক্ষ থেকে দায় স্বীকার করেছেন বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ফেসবুক পোস্টে সালমান খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গ তুলে টাইগারকে হুমকি দেওয়ার দাবি করা হয়েছে। হিন্দিতে লেখা সেই পোস্টে বলা হয়েছে, ‘আমরা তাকে (টাইগার) ফোন করেছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি বোঝেননি। তাই আজ, আমরা তাকে সব ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যারা আমাদের কথা শুনবেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করবেন, তারাই আমাদের পরবর্তী লক্ষ্য। দেখতে থাকুন।’
তবে এই দায় স্বীকারের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। পুলিশও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হামলার সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র নিশ্চিত করেনি। তবে পুলিশ সূত্র বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দায় স্বীকারের পোস্টটি তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় সালমান খানকে ঘিরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি আবারও সামনে এসেছে। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগের পর বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে সালমানের বিরোধ তৈরি হয়। ২০১৮ সাল থেকে গ্যাংটির নেতা লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে সালমানকে হত্যার হুমকি দিয়ে আসছেন। ২০২৪ সালে মুম্বাইয়ে সালমানের বাড়ি লক্ষ্য করে গুলি এবং তার ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি হত্যার ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের নাম আসে।










-e7c2bf-256x144.webp)





-5f6b50-256x144.webp)