এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল ৪ লাখ, পুনঃপরীক্ষা ১ মাসের মধ্যে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৩: ২২
ফাইল ছবি: সংগৃহীত
ফাইল ছবি: সংগৃহীত

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাদের জন্য এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে।

শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। সেখানেই এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় বসতে হয় শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। ফলে একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণেও শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হয়। এতে তাদের শিক্ষাজীবন পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ২২ বছরের মধ্যে এ হার সর্বনিম্ন। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত ২২ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০০৫ থেকে ২০২৬ সালের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম। ২০০৫ সালে পাসের হার ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। এরপর কোনো বছরই এ হার ৫২ শতাংশের নিচে নামেনি।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। বোর্ডভিত্তিক ফলে ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি, ৬১ দশমিক ৮০ শতাংশ। তবে এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করা হয়নি।

অন্য বোর্ডগুলোর মধ্যে যশোরে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। কুমিল্লায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। দিনাজপুরে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।

এ ছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad