ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার পর দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

ছাত্রশিবিরের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে সাজসজ্জার কাজ চলার সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী এসে হামলা চালান। এতে আব্দুল মালেকসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আব্দুল মালেককে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, ছাত্রদলের কর্মী রাসেল অভিযোগ করেন, সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উসকানি দেন এবং তাদের এক কর্মীকে মারধর করেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে শিবিরের নেতা-কর্মীরা হামলা ও ধাওয়া দেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। পরে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement