পরিকল্পনার অভাবে অর্থ ব্যয় করা যাচ্ছে না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিলেও বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিকল্পনার অভাবে সেই অর্থ ব্যয় করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাজেট যা দিয়েছেন, সেটা আমি খরচ করতে পারছি না।’ বাজেট প্রস্তাবনা ও বরাদ্দ ব্যবস্থাপনায় ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বাড়াতে অর্থ ব্যয়ের পরিকল্পনা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

বাজেট প্রস্তাবনার ঘাটতি নিয়ে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করে এহছানুল হক মিলন বলেন, ‘আমরা অবকাঠামো উন্নয়নের কথা বলি। পাঁচ বছর অবকাঠামো উন্নয়ন করবেন, আমার লাভ কী? উনি (প্রধানমন্ত্রী) জিজ্ঞাসা করবেন। অবকাঠামো উন্নয়নে শুধু পয়সা দিতে পারি। কিন্তু মানসম্মত শিক্ষা উন্নয়নে প্রধানমন্ত্রী জানতে চান, কত টাকা ব্যয় করছেন। মানসম্মত শিক্ষার জন্য ব্যয় করতে গেলে এখন পর্যন্ত ইউজিসি, উপাচার্য উনারা—বাজেট দিতেও পারেন না, করতেও পারেন না। আমার দোষটা কোথায়? তাঁরা কি এর জবাব দিতে পারবেন?’

গবেষণায় বরাদ্দ নিয়েও বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চে ২১ কোটি টাকা দিয়ে থাকে, এবার মামুন সাহেব (ইউজিসি সদস্য) কেন মাত্র ২২ কোটি টাকা দিলেন? কেউ কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কে দেবে উত্তর? তারা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারা চিহ্নিত করতে পারেনি, আমরা কত টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেব।’ বাজেট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যদি বলতাম, প্রধানমন্ত্রী যদি বলতেন টাকা নাই, তাহলে প্রশ্ন উঠত। আমাদের কাঠগড়ায় দাঁড় করাবেন, আমরা হাঁড়ি ভেঙে দেব। একজন বলে গেল, মন্ত্রী টাকা দিচ্ছেন না। কথা বলার আগে হুঁশ করে কথা বলতে হবে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা কাজ করতে আসছি। আমার মন্ত্রিত্ব অন্যদের মতো নয়। আমি পেশাদারত্বের সঙ্গে নির্দেশনা অনুযায়ী মন্ত্রিত্ব পরিচালনা করব, কাজ করব।’

ইউজিসিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘ইউজিসিতে ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনারা বাজেট ঠিকমতো বরাদ্দ করেন, ঠিকমতো কাজ করেন এবং আমাদেরকে মিনিটে মিনিটে এই স্টেজে এনে বোকা বানাবেন না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কী করতে চান, শুধু সেটাই আমাকে জানান। কত টাকা প্রয়োজন? কীভাবে আপনাদের সংগঠিত করব? কীভাবে আপনারা এগিয়ে যাবেন? আমি শুধু এগুলোই জানতে চাই।’ সেমিনারে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম জানান, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব কমাতে বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু হয়েছে। ইন্ডাস্ট্রি লিয়াজোঁ অফিস, টেকনোলজি ট্রান্সফার অফিস ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। কয়েকটি অনুষদে ছয় মাসের ইন্টার্নশিপ চালু হয়েছে এবং এক বছরের মধ্যে পুরো বিশ্ববিদ্যালয়ে তা বাধ্যতামূলক করার লক্ষ্য রয়েছে। গবেষণাকে প্রকাশনায় সীমাবদ্ধ না রেখে উৎপাদনমুখী কাজে লাগানোর তাগিদ দেন তিনি। স্বাগত বক্তব্যে ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, সমাবর্তনের পর শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় ‘এবার কোথায়?’ বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের সমন্বয়ের অভাবে স্নাতকের পরও তরুণদের নতুন করে কাজ শিখতে হয় এবং অনেক গবেষণা কাগজেই সীমাবদ্ধ থাকে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন। আরও বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম, অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad