৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, চূড়ান্ত ফলের পথে ৫০তম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পাওয়া ১ হাজার ৪১৬ জন প্রার্থীর ক্যাডার পদে যোগদানের পথ খুলেছে।

রোববার বিকেলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গেজেট প্রকাশের মধ্য দিয়ে চূড়ান্ত ফল ঘোষণার পর নয় মাসের বেশি সময় ধরে চাকরিপ্রার্থীদের মধ্যে চলা উদ্বেগের অবসান হলো। প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের ফলে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জটও কাটতে যাচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে এবং ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থাকা ঠেকাতে ৪৬তম বিসিএসের গেজেট ও যোগদানের হিসাব সমন্বয়ের অপেক্ষায় ছিল পিএসসি।

কমিশন সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন দ্রুততম সময়ের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে। ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৩ সালের ৩০ নভেম্বর। ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগের জন্য প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে আবেদন করেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। ওই বছরের ৯ মে ফল প্রকাশ করা হলেও পরে তা পুনর্মূল্যায়ন করা হয়।

পুনর্মূল্যায়নের পর ২০২৪ সালের ২৭ নভেম্বর নতুন করে ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়। এ প্রক্রিয়ায় দীর্ঘ সময় চলে যায়। এরপর ২০২৫ সালের জুলাই-আগস্টে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৭ নভেম্বর ফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটি সংশোধনের পর ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। সব ধাপ শেষে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে পিএসসি।

বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত ২ বছর ২ মাসের বেশি সময় লাগে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করতেও পেরিয়ে যায় আরও ৯ মাসের বেশি সময়। সব মিলিয়ে পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ হতে প্রায় তিন বছর লেগেছে। গেজেট প্রকাশে প্রার্থীরা স্বস্তি প্রকাশ করলেও নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তিন বছর ধরে নিয়োগপ্রক্রিয়া চলায় মেধাবী তরুণদের কর্মজীবনের মূল্যবান সময় নষ্ট হয় এবং পদ শূন্য থাকায় প্রশাসনিক ও নাগরিক সেবাও ব্যাহত হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে পিএসসির ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের প্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে নিয়োগের দীর্ঘসূত্রতা কমানো সম্ভব হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad