সুষ্ঠু ইউপি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের ‘দ্বিতীয় কোনো এজেন্ডা নেই’ উল্লেখ করে সম্ভাব্য সব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।
আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপের প্রথম দিনে রোববার (২৯ নভেম্বর) সকালে সিইসি এসব কথা বলেন।
ইসির জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, সংলাপের প্রথম দিন রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছে কমিশন। সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি এবং মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন আসন্ন ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তফসিলের রূপরেখা জানায়। ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।













